প্রকাশ : ২০ জুন ২০২৬, ১২:৩৮
আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হলে দু সেরা গরু কেনা দামে পাবেন গ্রাহকরা

ফুটবলপ্রেম বিশ্বজুড়েই ছড়িয়ে আছে। সেই প্রেমের ছোঁয়া লেগেছে এবার পশুর বাজারেও! আর্জেন্টিনার কট্টর ভক্ত এক খামারি ঘোষণা দিয়েছেন, মেসির দল এবার বিশ্বকাপ (২০২৬) জিতলে তার ফার্মের সবচেয়ে উন্নত মানের দুটি গরু কিনলে গ্রাহককে কোনো লাভ দিতে হবে না। শুধুমাত্র কেনা দামেই বিক্রি করবেন তিনি।
|আরো খবর
হাজীগঞ্জের জাকনি এলাকায় অবস্থিত 'আর. বি. এগ্রো এন্ড ডেইরি ফার্মে'র মালিক মুজাহিদ পাটোয়ারী এই অভাবনীয় ঘোষণা দেন।
ছোটবেলা থেকেই আর্জেন্টিনার সমর্থক মুজাহিদ। মেসির খেলা তার ভীষণ প্রিয়। তিনি বলেন, "আর্জেন্টিনার খেলা সবসময়ই মুগ্ধ করে। ওরা নান্দনিক খেলা উপহার দেয়। ওদের খেলোয়াড়রা বিশ্বের সেরা।"
মুজাহিদ পাটোয়ারীর ফার্মে উন্নত মানের গরু বিক্রির যথেষ্ট সুনাম রয়েছে। তার ফার্মে অনেক ধরনের উন্নত জাতের গরু ও মহিষ রয়েছে। এবারের বিশ্বকাপ জয় আর্জেন্টিনার জন্যে বড়ো এক স্বপ্ন। মুজাহিদ চান, আর্জেন্টিনার এই জয়ে শুধুমাত্র ফুটবল মাঠে নয়, সাধারণ মানুষের মনেও আনন্দের ছোঁয়া লাগুক। তাই তিনি তার ফার্মের সবচেয়ে ভালো দুটি গরু এক টাকা লাভ না করে শুধুমাত্র ক্রয় মূল্যে বিক্রি করার এই ব্যতিক্রমী ঘোষণা দিয়েছেন।
এই খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। অনেকে এখন আশা করছেন, আর্জেন্টিনা সত্যিই বিশ্বকাপ জিতে নেবে, যাতে তারা আর. বি. এগ্রো এন্ড ডেইরি ফার্ম থেকে সাশ্রয়ী মূল্যে সেরা গরু কিনতে পারেন।
মুজাহিদ পাটোয়ারীর এই উদ্যোগ প্রমাণ করে, ফুটবলপ্রেম শুধু খেলা নয়, এটি সমাজ ও মানুষের মাঝে আনন্দ ও ভ্রাতৃত্ববোধ ছড়িয়ে দেওয়ারও একটি মাধ্যম।







