শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬, ০১:২৭

কমরেড আব্দুর রহমানের প্রয়াণ দিবস আজ

তাইয়্যেব
কমরেড আব্দুর রহমানের প্রয়াণ দিবস আজ

'মানবমুক্তির সংগ্রামে' নিবেদিতপ্রাণ প্রয়াত বীর মুক্তিযোদ্ধা কমরেড অ্যাড. আব্দুর রহমানের ৩১তম প্রয়াণ দিবস আজ শুক্রবার (২ অক্টোবর ২০২৬)। তিনি ১৯৪৬ সালের ১১ জুলাই জন্মগ্রহণ করেন এবং ১৯৯৫ সালের ২ অক্টোবর মৃত্যুবরণ করেন।

কমরেড আব্দুর রহমান চাঁদপুরের প্রগতিশীল রাজনৈতিক অঙ্গনের পরিচিত ব্যক্তিত্ব ছিলেন। তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সভাপতি ছিলেন। তিনি চাঁদপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ছিলেন।

মুক্তিযুদ্ধের প্রস্তুতি পর্বেও কমরেড আব্দুর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

ইতিহাস বিষয়ক বই সংগ্রামের নোটবুকের ‘মুক্তিযুদ্ধে চাঁদপুর সদর উপজেলা’ অধ্যায়ে উল্লেখ রয়েছে, ১৯৭১ সালের ১০ মার্চ চাঁদপুর কলেজ ছাত্র সংসদের উদ্যোগে গঠিত সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের ১১ সদস্যের একজন ছিলেন আব্দুর রহমান। সেখানে তাঁর নাম চাঁদপুর কলেজ ছাত্র সংসদের ভিপি ও ছাত্র ইউনিয়নের নেতা হিসেবে উল্লেখ রয়েছে। সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের যৌথ নেতৃত্বেই চাঁদপুরের মুক্তিযুদ্ধের বিভিন্ন কর্মকাণ্ড পরিচালিত হয়।

মুক্তিযুদ্ধের প্রস্তুতির সময় ছাত্র ইউনিয়নের উদ্যোগে গেরিলা যুদ্ধ পরিচালনার জন্যে একটি শক্তিশালী বোমা তৈরির স্কোয়াড গঠন করা হয়। সংগ্রামের নোটবুকের তথ্যানুযায়ী, ওই স্কোয়াডের সদস্যদের মধ্যে অন্যতম কমরেড আব্দুর রহমানও ছিলেন। অধ্যাপক সৈয়দ আব্দুস সাত্তার, মাওলানা আবদুল লতিফ, মাহবুবুল হক পাটোয়ারীসহ আরও কয়েকজন এ কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন। মার্চের দ্বিতীয় সপ্তাহে চাঁদপুরের পালপাড়ার পোদ্দার বাড়িতে এ স্কোয়াড বোমা তৈরির কাজ শুরু করে।

মুক্তিযুদ্ধের সূচনাপর্বে প্রচার কার্যক্রমেও কমরেড আবদুর রহমানের সম্পৃক্ততার কথা বিভিন্ন স্মৃতিচারণে ওঠে এসেছে। একটি স্মৃতিচারণে বলা হয়েছে, প্রচারের প্রয়োজনে কমরেড আব্দুর রহমান ও তাঁর সহযোগীরা চাঁদপুরের খ্রিস্টান মিশনারি অফিস থেকে একটি সাইক্লোস্টাইল মেশিন নিয়ে আসেন। মুক্তিযুদ্ধে বিজয়ের পর তিনি মেশিনটি আবার মিশন কর্তৃপক্ষের কাছে ফিরিয়ে দেন।

চাঁদপুরের মুক্তিযুদ্ধের ইতিহাসে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ, গেরিলা প্রস্তুতি ও প্রচার কার্যক্রমে তাঁর সম্পৃক্ততা তাঁকে মুক্তিযুদ্ধের স্থানীয় সংগঠকদের অন্যতম হিসেবে তুলে ধরে।

তাঁর প্রয়াণ দিবসটি সম্মানের সঙ্গে পালনের লক্ষ্যে আজ শুক্রবার সকাল ৭টায় উদীচী কার্যালয়ে সভার আয়োজন করা হয়েছে। পরে প্রয়াত কমরেড আব্দুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

আয়োজকদের পক্ষ থেকে দিবসের কর্মসূচিতে সবাইকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

সূত্র : সংগ্রামের নোটবুক, ‘মুক্তিযুদ্ধে চাঁদপুর সদর উপজেলা’।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়