প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০০:৫৫
স্থানীয় সরকার নির্বাচন : সম্ভাব্য প্রার্থীর মুখোমুখি-৬৩
জনপ্রতিনিধি নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে সকলের সেবায় কাজ করবো
— মো. ওসমান মিয়া

“জনপ্রতিনিধি হলে দল-মত নির্বিশেষে এলাকার সকল মানুষের সেবা করবো”
|আরো খবর
স্থানীয় সরকারের তৃণমূল পর্যায়ে জনগণের সুখে-দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি নিয়ে চাঁদপুর সদর উপজেলার ৫ নং রামপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) পদে প্রার্থী হয়েছেন মো. ওসমান মিয়া। বর্তমানে ৭ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা এই শ্রমজীবী মানুষটি দীর্ঘদিন ধরে চর বাকিলা গ্রামের সাধারণ ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। সরকারি সেবা প্রাপ্তিতে হয়রানিমুক্ত পরিবেশ গঠন, মাদক ও কিশোর গ্যাং রোধ এবং কাঁচা রাস্তা পাকা করার অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছেন তিনি। সম্প্রতি এলাকার উন্নয়ন ভাবনাসহ নানা বিষয়ে দৈনিক চাঁদপুর কণ্ঠের মুখোমুখি হয়েছেন মো. ওসমান মিয়া। তাঁর সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন চাঁদপুর কণ্ঠের স্টাফ রিপোর্টার শেখ আল মামুন। পাঠকদের জন্যে সেটি উপস্থাপন করা হলো :
চাঁদপুর কণ্ঠ : আপনি কেন ইউপি সদস্য (মেম্বার) পদে নির্বাচন করতে চান? আপনার পরিচিতি সম্পর্কে কিছু বলুন।
মোঃ ওসমান মিয়া : আমি গরিব, অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করার ইচ্ছে থেকে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। এসব অসহায় মানুষের পাশে থেকে সেবা করাই আমার মূল উদ্দেশ্য। বিগত দিনে নিজের সাধ্য অনুযায়ী তাদের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। জনপ্রতিনিধি নির্বাচিত হলে আরও বড় পরিসরে সেবা করার সুযোগ সৃষ্টি হবে।
আমি এই ইউনিয়নের চর বাকিলা গ্রামের স্থায়ী বাসিন্দা, দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে এখানেই বসবাস করছি। আমার পিতা মরহুম আনা মিয়া একজন খেটে খাওয়া সাধারণ মানুষ ছিলেন; আমিও একজন শ্রমজীবী।
চাঁদপুর কণ্ঠ : নির্বাচিত হলে আপনার ওয়ার্ডের জন্য প্রথম তিনটি অগ্রাধিকারমূলক কাজ কী হবে?
মোঃ ওসমান মিয়া :
প্রথমত : যেসব হতদরিদ্র ও অসহায় পরিবার এখনো সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত, তাদের অধিকার নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা করব।
দ্বিতীয়ত : সামাজিক অপরাধ, বিশেষ করে মাদক ও কিশোর গ্যাং রোধে সবাইকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তুলব এবং বিভ্রান্ত যুবসমাজকে আলোর পথে আনার উদ্যোগ নেব।
তৃতীয়ত : সাধারণ মানুষ যাতে সরকারি যে কোনো সেবা পেতে হয়রানির শিকার না হয়, সে ব্যাপারে গুরুত্বের সাথে সরাসরি সেবা নিশ্চিত করবো।
চাঁদপুর কণ্ঠ : আপনার ওয়ার্ডের সবচেয়ে বড় সমস্যা কী এবং তা সমাধানে আপনার পরিকল্পনা কী?
মোঃ ওসমান মিয়া : আমার ওয়ার্ডের সবচেয়ে বড় সমস্যা হলো বহু কাঁচা রাস্তা। বর্ষা মৌসুমে এলাকার মানুষকে এতে চরম দুর্ভোগ পোহাতে হয়। নির্বাচিত হলে এসব কাঁচা রাস্তা পাকাকরণের দ্রুত উদ্যোগ গ্রহণ করবো।
চাঁদপুর কণ্ঠ : ভোটাররা কেন অন্য প্রার্থীদের বাদ দিয়ে আপনাকেই ভোট দেবেন বলে আপনি মনে করেন?
মোঃ ওসমান মিয়া : বিগত দিনে ওয়ার্ডের প্রতিটি মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। সাধ্য অনুযায়ী সাহায্য করেছি। আমার বিশ্বাস, কাজের মূল্যায়ন করেই সাধারণ মানুষ আমাকে তাদের প্রতিনিধি হিসেবে বেছে নেবেন।
চাঁদপুর কণ্ঠ : উপরের প্রশ্নগুলোর বাইরে ভোটার ও এলাকাবাসীর উদ্দেশ্যে আপনার আর কোনো কথা আছে কি?
মোঃ ওসমান মিয়া : আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আদর্শে বিশ্বাসী এবং বর্তমানে রামপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। দলের প্রতি আনুগত্যের কারণে দলীয় নেতাকর্মীরা নির্বাচনে আমার পাশে থাকবেন বলে বিশ্বাস করি। তবে নির্বাচনে জয়ী হয়ে জনপ্রতিনিধি হলে দল-মত নির্বিশেষে এলাকার সকল মানুষের প্রতি আমার দৃষ্টি সমান থাকবে।
ডিসিকে/ এমজেডএইচ








