প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০২
রাজরাজেশ্বরে নির্বাচনী সভায় মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ
জান্নাতের টিকিট বিক্রেতাদের হাতে দেশ এবং ইসলাম কোনোটাই নিরাপদ নয়

চাঁদপুর-৩ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত এবং বৃহত্তর সুন্নী জোট সমর্থিত মোমবাতি প্রতীকের প্রার্থী সাংবাদিক মাওলানা এএইচএম আহসান উল্লাহ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন এই দেশ এবং ইসলামের জন্যে খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন। স্বাধীনতার পরাজিত শক্তি আবার সেই একাত্তরের হায়েনার রূপে আমাদের সামনে। তারা এই জাতির ওপর প্রতিশোধ নিতে যে কোনো মূল্যে ক্ষমতায় যেতে চায়। অবস্থা দেখে মনে হয় যেনো তারা ক্ষমতায় যেতে ধর্ম ত্যাগ করতেও কোনো দ্বিধা করবে না। তাদের গুরু পশ্চিমা তথা আমেরিকাকে খুশি করে ক্ষমতায় আসতে তারা সব কিছু করতে প্রস্তুত। তারা ইসলামী সংগঠন নাম দিলেও প্রকৃত ইসলামের ছিটেফোঁটাও বর্তমানে তাদের মাঝে নেই। তারা শরীয়া আইন বাস্তবায়ন করবে না বলে ইতোমধ্যে ঘোষণা দিয়েছে। তারা তাদের আসল চেহারাই প্রকাশ করছে। মুক্তিযুদ্ধের সময় যেমন তারা বলেছিলো, বাঙালি নারীরা গণিমতের মাল, ঠিক একই চেহারায় তারা আবার ফিরে এসেছে। তারা জান্নাতের টিকিট বিক্রি করে। তাদের মার্কায় ভোট দিলেই নাকি জান্নাত নিশ্চিত। তাই এসব ভণ্ড প্রতারক মুনাফেকদের ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ব্যালটের মাধ্যমে প্রত্যাখ্যান করতে হবে। জান্নাতের টিকিট বিক্রেতাদের হাতে দেশ এবং ইসলাম কোনোটাই নিরাপদ নয়। তাই ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ থাকবে নাকি আমেরিকার কাছে বিক্রি করে দেয়া হবে। মদীনার ইসলাম থাকবে নাকি মওদুদীর ইসলাম থাকবে। আওলিয়ায়ে কেরামের প্রতিষ্ঠিত ইসলাম থাকবে নাকি মাজার ভেঙ্গে মন্দির পাহারা দেয়া, কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলার মতো জঘন্য মানবতাবিরোধী কর্মকাণ্ডের তথাকথিত মওদুদীবাদের ইসলাম থাকবে। সুন্নী মুসলমানরা জেগে উঠুন, হিম্মত নিয়ে এগিয়ে চলুন। ভয়ের কোনো কারণ নেই। আমরা শাহজালাল শাহপরানের উত্তরসূরি। দেশ এবং ইসলাম রক্ষায় স্বাধীনতাবিরোধীদের প্রতিহত করতে হবে।
তিনি সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) চাঁদপুর সদর উপজেলার ১৪নং রাজরাজেশ্বর ইউনিয়নের গোয়ালনগর পাটওয়ারী বাজার স্কুল মাঠে আয়োজিত নির্বাচনী সভায় এই বক্তব্য রাখেন। স্থানীয় আহলে সুন্নাত ওয়াল জামাআত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
আহলে সুন্নাত ওয়াল জামাআতের উপদেষ্টা আলী হোসেন বেপারীর সভাপতিত্বে এবং মাওলানা আল-আমিন আশেকীর পরিচালনায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ হুমায়ুন কবির, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা শাখার সভাপতি মুহাম্মদ কামরুল হাসান, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আল-আমিন আজহারী, মাওলানা আল-আমিন জেহাদী, বাংলাদেশ ইসলামী যুবসেনা চাঁদপুর সদর উপজেলা শাখার সভাপতি কাজী মানিক, আহলে সুন্নাত ওয়াল জামাআতের স্থানীয় নেতা মাওলানা শাহ আলম গাজী, মাওলানা বরকত উল্লাহ শাহ প্রমুখ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাওলানা আবদুর রব, মাওলানা দীদার হোসাইন, মোহাম্মদ সাইফুল ইসলাম ও মামুন।
সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) সকালে রাজরাজেশ্বর বাঁশগাড়ি এলাকা থেকে মোমবাতির প্রার্থী মাওলানা আহসান উল্লাহ গণসংযোগ শুরু করেন। তাঁর সাথে জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ ছিলেন। বিকেল ৩টা পর্যন্ত একটানা গণসংযোগ করা হয়। সাড়ে ৩টায় নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভাশেষে আরো কয়েকটি বাজারে গণসংযোগ করা হয়। এসব গণসংযোগে স্থানীয় নেতৃবৃন্দ প্রার্থীর সাথে ছিলেন।








