প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ১১:৩১
আল-আজহারে বাংলাদেশি সুফি শিক্ষার্থীদের বর্ণাঢ্য ইফতার মাহফিল

ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সুফি মতাদর্শের বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে এক বর্ণাঢ্য ইফতার মাহফিল ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-আজহার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আবাসিক ছাত্রাবাসের পরিচালক ড. ইসাম আল-ক্বাদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কায়রোস্থ বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন গৌতম কুমার দে এবং শ্রম সচিব মুহাম্মদ জাকির হোসেন।
রোববার (৮ মার্চ ২০২৬) কায়রোর আব্বাসিয়া এলাকার মারকাজ তাতউইর কনফারেন্স হলে সংগঠনের সভাপতি সাইফুর রহমান আল-আজহারীর সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইফতার মাহফিল শুরুর আগে বিশ্ব মুসলিম উম্মাহ এবং বাংলাদেশের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ড. ইসাম আল-ক্বাদী বলেন, বাংলাদেশি সুফি শিক্ষার্থীদের এমন আয়োজন বিভিন্ন দেশের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক ভালোবাসা, সম্প্রীতি ও সহযোগিতার বন্ধনকে আরও সুদৃঢ় করবে। তিনি বলেন, আল-আজহার শরীফ যুগ যুগ ধরে জ্ঞান, সহনশীলতা ও মধ্যপন্থার মূল্যবোধ বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার এক উজ্জ্বল বাতিঘর হিসেবে ভূমিকা রেখে যাচ্ছে।
বিশেষ অতিথির বক্তব্যে ডেপুটি চিফ অব মিশন গৌতম কুমার দে ঐতিহাসিক বদর যুদ্ধের তাৎপর্য তুলে ধরে বলেন, সত্য ও ন্যায়ের পথে দৃঢ় থাকার যে শিক্ষা বদর আমাদের দিয়েছে, তা বর্তমান জীবনেও সমানভাবে প্রাসঙ্গিক। তিনি শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি বিশেষ করে তথ্যপ্রযুক্তি বিষয়ে দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের যুগোপযোগী করে গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে প্রবাস জীবনে ঐক্য, ভ্রাতৃত্ববোধ এবং দেশের মর্যাদা অক্ষুণ্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন। দূতাবাসের দুই কর্মকর্তার উপস্থিতি প্রবাসী শিক্ষার্থী ও আল-আজহার বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।
ইফতার শেষে ড. ইসাম আল-ক্বাদী দূতাবাস কর্মকর্তাদের নিয়ে আন্তর্জাতিক ছাত্রাবাস পরিদর্শন করেন। এ সময় তিনি সেখানে চলমান উন্নয়ন কার্যক্রম এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্যে প্রদত্ত সেবার মান ঘুরে ঘুরে দেখান। দূতাবাস কর্মকর্তারা ছাত্রাবাস উন্নয়ন কার্যক্রম এবং বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য উপযোগী পরিবেশ নিশ্চিত করার উদ্যোগের প্রশংসা করেন।
সভাপতির বক্তব্যে সাইফুর রহমান আল-আজহারী বলেন, প্রবাসে ইসলামী সংস্কৃতি ও বাংলাদেশী ঐতিহ্য তুলে ধরা এবং শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করাই সংগঠনের অন্যতম লক্ষ্য। তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করা, সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করা এবং সংগঠন ও বাংলাদেশি কমিউনিটির মর্যাদা সমুন্নত রাখার আহ্বান জানান। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১০ জনকে আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন মিশরে বাংলাদেশ স্টুডেন্টস্ অর্গানাইজেশন ‘ইত্তিহাদ’-এর সভাপতি নোমানুল কারীম, আল-আজহার ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি আব্দুর রহমান আল-আজহারী, আল-আজহার ওয়েলফেয়ার ফাউন্ডেশন মিশরের সভাপতি তাজদীদ বিন ওয়াদুদসহ বিপুলসংখ্যক শিক্ষার্থী ও প্রবাসী বাংলাদেশি।








