প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ০৫:২৮
শ্রীনগরে কুকুরের রাজত্ব: আতঙ্কে পথচারী ও এলাকাবাসী
আবাসিক এলাকা থেকে রাজপথ
সর্বত্রই কুকুরের দাপট: প্রতিকার চায় এলাকাবাসী

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় কুকুরের উপদ্রব চরম আকার ধারণ করেছে। ঢাকা-দোহার সড়ক থেকে শুরু করে বিভিন্ন বাজার, আবাসিক এলাকা এমনকি বাসাবাড়ির সিড়িতেও এখন কুকুরের বিচরণ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, স্থানীয়রা একে রসিকতা করে ‘কুকুরের রাজধানী’ বলে অভিহিত করছেন।
|আরো খবর
আতঙ্কের জনপদ
ভোর হতেই ঢাকা-দোহার সড়কে কুকুরের দল বেপরোয়া দৌড়ঝাঁপ শুরু করে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন প্রাতঃভ্রমণকারী এবং কর্মস্থলগামী পথচারীরা। কুকুরের ঘেউ ঘেউ আর তেড়ে আসার ভয়ে সাধারণ মানুষ চরম আতঙ্কের মধ্য দিয়ে চলাচল করছেন। শুধু রাজপথ নয়, আবাসিক এলাকার অলিগলি এবং রাতের বেলায় বিভিন্ন বাড়ির সিঁড়িতেও দলবদ্ধ কুকুরের অবস্থান জনমনে ভীতি সৃষ্টি করছে।
প্রতিকার চায় ভুক্তভোগীরা
স্থানীয় ভুক্তভোগীদের মতে, এই উপদ্রব নিরসনে দুই ধরণের পদক্ষেপ প্রয়োজন:
গৃহপালিত কুকুর: যেসব কুকুরের মালিক রয়েছে, তাদের উচিত নিজ দায়িত্বে সেগুলোকে নিয়ন্ত্রণে রাখা এবং জনসম্মুখে যেন অন্যের ক্ষতি না করে সেদিকে নজর দেওয়া।
বেওয়ারিশ কুকুর: বেওয়ারিশ কুকুরের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় স্থানীয় জনপ্রতিনিধিদের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যথাযথ আইনি ও স্বাস্থ্যসম্মত ব্যবস্থা গ্রহণের দাবি জোরালো হচ্ছে।
নিরাপদ চলাচলের স্বার্থে শ্রীনগর উপজেলার এই সমস্যা দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন সচেতন মহল।
ডিসিকে /এমজেডএইচ







