মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ২১:৩৫

জাতিসংঘ সাধারণ অধিবেশনে চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশা

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
জাতিসংঘ সাধারণ অধিবেশনে চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন এবং উক্ত অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণের সংবাদ সংগ্রহ করতে যুক্তরাষ্ট্র গিয়েছেন দৈনিক চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক ও বাংলাভিশনের চাঁদপুর প্রতিনিধি রহিম বাদশা।

গত রোববার (২০ সেপ্টেম্বর ২০২৬) রাত ৯টা ৩৫ মিনিটে ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হন। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি শেষে সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় (বাংলাদেশ সময় সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা) নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বর্তমানে তিনি নিউইয়র্কে অবস্থান করছেন। আগামী ১ অক্টোবর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

সাংবাদিক রহিম বাদশা জানান, নিউইয়র্ক সিটির ম্যানহাটনে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তরে গত ৮ সেপ্টেম্বর থেকে ৮১তম সাধারণ অধিবেশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। তবে ২২ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এর মূল ও উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক পর্ব। এই অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক পৌঁছানোর কথা রয়েছে।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিয়ে ২৪ সেপ্টেম্বর বাংলাদেশের পক্ষে বক্তব্য দেবেন। এছাড়া অধিবেশন চলাকালীন তিনি বেশ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক এবং উচ্চপর্যায়ের সভায় অংশ নিতে পারেন। জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থার প্রধানগণও প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানেও প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— "আস্থা পুনরুদ্ধার, রূপান্তর ব্যবস্থাপনা : সবার জন্য কার্যকর একটি জাতিসংঘ"। বিশ্বজুড়ে বহুপাক্ষিক ব্যবস্থার প্রতি আস্থা ফিরিয়ে আনা এবং একটি অন্তর্ভুক্তিমূলক সংস্থা গড়ে তোলার লক্ষ্য নিয়ে সদস্যরাষ্ট্রের ১৯৩টি দেশের নেতারা এতে সমবেত হচ্ছেন।

উল্লেখ্য, জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের নির্বাচিত সভাপতি হিসেবে এতে সভাপতিত্ব করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

সাংবাদিক রহিম বাদশা এর আগে ২০২৩ সালে জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশনের সংবাদ সংগ্রহ করেছিলেন। এছাড়া রাষ্ট্রীয় সফরে গণমাধ্যম প্রতিনিধি হিসেবে ২০১৬ সালে জাপানে এবং ২০১৮ সালে কানাডায় অনুষ্ঠিত ‘জি-৭’ শীর্ষ সম্মেলনেও তিনি অংশগ্রহণ করেন।

পেশাগত কাজে তিনি পূর্বে ফ্রান্সের প্যারিসে ইউনেস্কো ও বিশ্ব জলবায়ু সম্মেলন এবং তুরস্কের ইস্তাম্বুলে ওআইসি শীর্ষ সম্মেলনে মনোনীত প্রতিনিধি ছিলেন। তাছাড়া সৌদি আরব, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত, ভুটান ও নেপাল সফর করেছেন তিনি।

তিনি চাঁদপুর প্রেস ক্লাবের ২০২৫ সালের কার্যকরী কমিটির সভাপতি এবং ২০১৫ ও ২০২১ সালে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং চাঁদপুর রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক। ১৯৯৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত রহিম বাদশা তথ্য মন্ত্রণালয়ের অ্যাক্রিডিটেশন কার্ডপ্রাপ্ত একজন জ্যেষ্ঠ সাংবাদিক।

এক প্রতিক্রিয়ায় রহিম বাদশা বলেন, "দ্বিতীয়বারের মতো জাতিসংঘের সাধারণ অধিবেশনের সংবাদ সংগ্রহের সুযোগ পাওয়ায় মহান আল্লাহর দরবারে শোকরিয়া আদায় করছি। এই সফরের সার্বিক প্রক্রিয়ায় যাঁরা সহযোগিতা করেছেন এবং দায়িত্ব প্রদান করায় দৈনিক চাঁদপুর প্রবাহ কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি।" তিনি পেশাগত দায়িত্ব পালন ও সুস্থভাবে দেশে প্রত্যাবর্তনে সবার কাছে দোয়া চেয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়