বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ০১:১৬

এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু আজ

সিসি ক্যামেরার কড়া নজরদারি, বন্ধ সব কোচিং সেন্টার।

আব্দুল্লাহ আল মামু
সিসি ক্যামেরার কড়া নজরদারি, বন্ধ সব কোচিং সেন্টার।
ছবি : প্রতীকী

আজ বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) থেকে দেশব্যাপী একযোগে শুরু হতে যাচ্ছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি), আলিম ও এইচএসসি (ভোকেশনাল/বিএম) পরীক্ষা। চাঁদপুর জেলাতেও এই গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষায় অংশ নিতে যাচ্ছে সাড়ে ১৭ হাজার শিক্ষার্থী। পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে জেলা প্রশাসন, জেলা শিক্ষা অফিস এবং সংশ্লিষ্ট কেন্দ্রগুলো তাদের সমস্ত প্রস্তুতি চূড়ান্ত করেছে।

জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ এ বিষয়ে বিস্তারিত জানিয়ে বলেন, জেলা শিক্ষা অফিসের পক্ষ থেকে ইতোমধ্যে পরীক্ষার যাবতীয় প্রশাসনিক ও কারিগরি কার্যক্রম সুচারুভাবে সম্পন্ন করা হয়েছে। বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন, উত্তরপত্র ও পরীক্ষার আনুষঙ্গিক গোপনীয় সামগ্রী বিতরণ এবং পরীক্ষার সাথে সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়েছে। বর্তমান সরকারের দৃঢ় অঙ্গীকার অনুযায়ী একটি শতভাগ নকলমুক্ত ও উৎসবমুখর পরিবেশে পরীক্ষা সম্পন্ন হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ ভেন্যুর প্রস্তুতি :
চাঁদপুর-০৪ কেন্দ্রের (কেন্দ্র কোড : ৩০৩) ভেন্যু বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোশারেফ হোসেন জানান, তাঁর কেন্দ্রে এবার মোট ৩৪৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। পরীক্ষা সুচারুভাবে সম্পন্ন করতে কেন্দ্রের ভেতরের ও বাইরের প্রতিটি রুমে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করা হবে। এছাড়া পরীক্ষার্থীদের সুবিধার্থে প্রতিটি কক্ষে ঘড়ির ব্যবস্থা করা হয়েছে। সরকারের পরীক্ষা সংক্রান্ত সকল বিধিমালা ও নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করতে কেন্দ্র কর্তৃপক্ষ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

এক নজরে চাঁদপুর জেলার পরীক্ষার সামগ্রিক পরিসংখ্যান :
চলতি বছরে চাঁদপুর জেলার সর্বমোট ৫২টি পরীক্ষা কেন্দ্রে ১৭ হাজার ৫৪৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। ৩২টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১৩ হাজার ৭১৭ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ১১টি কেন্দ্রে আলিম পরীক্ষায় অংশ নিচ্ছে ২ হাজার ৬৩২ জন। কারিগরি শিক্ষার অধীনে ৩টি কেন্দ্রে এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫৯ জন। এছাড়া ৬টি কেন্দ্রে এইচএসসি (বিএম) শাখার অধীনে অংশ নিচ্ছে আরও ৯৮০ জন।

জেলা প্রশাসন ও শিক্ষা বোর্ডের কঠোর নির্দেশনা :
চাঁদপুর জেলা প্রশাসন ও শিক্ষা বোর্ডের পক্ষ থেকে পরীক্ষা উপলক্ষে কড়া নিরাপত্তা ব্যবস্থা ও কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে ১ জুলাই থেকে আগামী ৪ আগস্ট ২০২৬ পর্যন্ত জেলার সকল প্রকার কোচিং সেন্টার সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। একই সাথে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষা কেন্দ্রের চারপাশে ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ব্যতীত বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করতে ১৪৪ ধারা কঠোরভাবে বলবৎ থাকবে।

পরীক্ষার্থীদের জন্যে বিশেষ নির্দেশনাবলি :
পরীক্ষার্থীদের জন্যে প্রকাশিত বিশেষ নির্দেশনাবলিতে উল্লেখ করা হয়েছে যে, পরীক্ষা শুরুর ন্যূনতম ৩০ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীকে স্ব-স্ব আসনে প্রবেশ করতে হবে। প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড ছাড়া অন্য কোনো নোট, কাগজ, বইপত্র, মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ বা কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনা সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষা হলে নকল বা যে কোনো অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন, ১৯৮০ অনুযায়ী তাৎক্ষণিক ও কঠোর আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়