বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ১৬:০৭

স্বামীর মৃত্যুর পর অসহায়ত্বের সুযোগ

জমি দখলের চেষ্টায় দেবরের হামলায় বিধবা নারী ও তার ছেলে রক্তাক্ত জখম

বিশেষ প্রতিনিধি।।
জমি দখলের চেষ্টায় দেবরের হামলায় বিধবা নারী ও তার ছেলে রক্তাক্ত জখম

চাঁদপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ষোলঘর বিটি রোড এলাকায় জমি দখলের চেষ্টাকে কেন্দ্র করে ফারজানা ইসলাম (৩৭) নামের এক বিধবা নারী ও তার ১৩ বছরের ছেলেকে মারধর করে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী তার দেবর ও ভাড়াটিয়াসহ বেশ ক'জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) বেলা ১১টার দিকে ষোলঘরের খান বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। এর আগে গত ২৭ অক্টোবর দুপুরে তার ছেলে তালহা ইবনে আলিফকেও মারধর করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী ফারজানা। ওই মারধরের ঘটনায় ইতোমধ্যে চাঁদপুর সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

ভুক্তভোগী ফারজানা ইসলাম ওই বাড়ির মৃত ইউসুফ খানের স্ত্রী। তার স্বামী ২০২৩ সালে সৌদি আরবে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। স্বামীর মৃত্যুর পর থেকে তার অসহায়ত্বের সুযোগ নিয়ে একটি পক্ষ তাকে বসতঘর ছেড়ে দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে চাপ দিয়ে আসছিলো।

ফারজানার অভিযোগ, তার দেবর ইসমাইল খান ওরফে কবু, মামা-শ্বশুর আক্কাছ গাজী এবং আক্কাছের ছেলে রফিকুল ইসলাম ইকবাল তাকে নানাভাবে হয়রানি করে আসছেন। এমনকি ভাড়াটিয়া রুবেল খান ও তার বাবাকে দিয়েও তার ওপর শারীরিক নির্যাতন চালানো হয়েছে।

ঘটনার দিন সকালে অভিযুক্তরা লোহার রড ও দেশীয় অস্ত্র নিয়ে ফারজানার ওপর চড়াও হন এবং তার মাথা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে তিনি রক্তাক্ত জখম হয়ে গুরুতর আহত হলে স্বজনরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান।

অভিযুক্তদের দাবি, ওই জায়গাটি সরকারি জমি এবং ফারজানাকে সেখান থেকে চলে যেতে হবে। তবে ফারজানার পালটা অভিযোগ, মূলত জমিটি জোরপূর্বক দখলে নেওয়ার অসৎ উদ্দেশ্যেই তাকে ও তার নাবালক সন্তানকে ঘরছাড়া করতে এই হামলা চালানো হয়েছে।

স্বামী হারানো একমাত্র সন্তানকে নিয়ে বসবাসরত ফারজানা ইসলাম এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি এই বর্বরোচিত ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়