রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ২৩:০৪

জেলা ও দায়রা জজের মধ্যস্থতায় বার-বেঞ্চের বিরোধ নিষ্পত্তি, স্বাভাবিক বিচার কার্যক্রম

সংবাদ বিজ্ঞপ্তি।।

তিন বিচারকের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগকে কেন্দ্র করে চাঁদপুর আদালতে সৃষ্ট অচলাবস্থার অবসান হয়েছে। দীর্ঘ ১০ দিনের আন্দোলন ও তিনটি আদালত বর্জনের পর রোববার (২০ সেপ্টেম্বর ২০২৬) আইনজীবীরা পুনরায় সব আদালতে নিয়মিত পেশাগত দায়িত্ব পালন করেছেন। এতে চাঁদপুরের আদালতপাড়ায় স্বাভাবিক পরিবেশ ফিরে এসেছে।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির ফখরুদ্দিন স্বপন।

গত ১০ সেপ্টেম্বর তিন বিচারকের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ এনে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির জরুরি সভায় তিনটি আদালত বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ওই তিন বিচারকের প্রত্যাহারের দাবিতে আইনজীবীদের একাংশ মানববন্ধন, প্রতিবাদ মিছিল ও কালো ব্যাজ ধারণসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। এ নিয়ে কয়েক দিন ধরে বার ও বেঞ্চের মধ্যে অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছিলো। আদালত বর্জনের কারণে সংশ্লিষ্ট মামলাগুলোর কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি বিচারপ্রার্থী ও মামলার সঙ্গে সংশ্লিষ্টদের ভোগান্তিও তৈরি হয়।

পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আইনজীবী সমিতির নেতাদের অনুরোধে বিরোধ নিরসনে উদ্যোগ নেন চাঁদপুরের জেলা ও দায়রা জজ সামছুন্নাহার। তাঁর মধ্যস্থতায় আইনজীবী ও বিচারকদের মধ্যে চলমান সমস্যা নিয়ে আলোচনা হয়। পরে বিষয়টির সমাধান হওয়ায় আইনজীবীরা আদালত বর্জন কর্মসূচি থেকে সরে এসে নিয়মিত বিচারিক কার্যক্রমে অংশ নেন।

রোববার চাঁদপুরের সব আদালতে আইনজীবীদের স্বাভাবিকভাবে পেশাগত দায়িত্ব পালন করতে দেখা গেছে। ফলে শুনানি ও অন্যান্য বিচারিক কার্যক্রমও স্বাভাবিক গতিতে চলেছে।

দীর্ঘ ১০ দিনের বিরোধের অবসানে বিচারপ্রার্থী জনগণের ভোগান্তি কমেছে এবং আদালত অঙ্গনে বার ও বেঞ্চের মধ্যে স্বাভাবিক কর্মপরিবেশ ফিরে এসেছে। সংশ্লিষ্টরা বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন।

আইনজীবী ও বিচারকদের মধ্যে পারস্পরিক পেশাগত সম্পর্ক ও সমন্বয় বজায় থাকলে ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়ানো সম্ভব হবে বলে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়