বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ২১:১০

চাঁদপুর জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভায় সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার

বিচারকার্য শেষ না হওয়া পর্যন্ত কোনো শিশুর ছবি প্রকাশ করা যাবে না

অনলাইন ডেস্ক
বিচারকার্য শেষ না হওয়া পর্যন্ত কোনো শিশুর ছবি প্রকাশ করা যাবে না

২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করুন

আগামী ২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবসকে সামনে রেখে চাঁদপুর জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল ২০২৬) বিকেলে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ ও জেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি সামছুন্নাহার।

সভায় সভাপতির বক্তব্যে তিনি জানান, আগামী ২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবসটি উপলক্ষে কারাগারে বিশেষ কার্যক্রমসহ মোট ৯টি কর্মসূচি গ্রহণের পরিকল্পনা নেয়া হয়েছে। এসব কর্মসূচির মধ্যে র‍্যালি, স্বেচ্ছায় রক্তদান, আইনগত সহায়তা স্টল এবং মেলার আয়োজন উল্লেখযোগ্য।

তিনি আরও বলেন, দিবসটির সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে পুলিশ ও সাংবাদিকদের আরও বেশি সচেতন থাকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় তিনি কঠোরভাবে নির্দেশনা প্রদান করে বলেন, বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত কোনো শিশুর (অপরাধে সম্পৃক্ত হলেও) ছবি বা ভিডিও ধারণ করে তা ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন বা কোনো প্ল্যাটফর্মে প্রকাশ করা যাবে না।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী কর্মসূচিগুলোর নিরাপত্তা ও প্রচারণার জন্য পুলিশ বিভাগ ও জেলা তথ্য অফিসকে সম্পৃক্ত করা হবে। তবে সীমিত সরকারি বরাদ্দের কারণে কর্মসূচিগুলো সংক্ষিপ্ত পরিসরে বাস্তবায়নের বিষয়টিও উল্লেখ করেন তিনি। র‍্যালির টি-শার্ট, ক্যাপ, ব্যানার-ফেস্টুনসহ আনুষঙ্গিক ব্যয়ের বিষয়টিও সভায় আলোচনা হয়।

এ সময় চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী দিবসটি উপলক্ষে ব্যাপক প্রচারণা চালাতে গণমাধ্যমকে সম্পৃক্ত করার আহ্বান জানান। পাশাপাশি তিনি স্থানীয় দৈনিক পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপক প্রচারের উদ্যোগ গ্রহণ করবেন বলে জানান। এছাড়া তিনি লিগ্যাল এইড কমিটির কার্যক্রম ও ২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস সফলভাবে সম্পন্ন করতে চাঁদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সভায় বক্তারা বলেন, লিগ্যাল এইড মেলার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সরকারি আইনগত সহায়তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা সম্ভব। বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করা গেলে এ কার্যক্রম আরও সফল হবে বলে মতামত প্রদান করেন তাঁরা।

সভায় আরও বক্তব্য রাখেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান, সিনিয়র জেলা ও দায়রা জজ (বিচারক) আমিরুল ইসলাম, চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রফিকুল হাসান ফয়সাল, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শামছুল ইসলাম মন্টু, পিপি অ্যাড. কোহিনুর আক্তার, জেলা তথ্য কর্মকর্তা তপন বেপারী এবং জেলা জনশক্তি ও কর্মসংস্থান অধিদপ্তরের উপ-পরিচালক মো. শফিকুর রহমান।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) নাদিরা নূর, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. কামাল হোসাইন, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসমা জাহান নিপা, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মান্নান, সিভিল জজ শুভ ইসলামসহ অন্য কর্মকর্তাগণ। সভা পরিচালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার মো. আবদুল আলীম।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়, আগামী ২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবসকে ঘিরে সার্বিক প্রস্তুতি গ্রহণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ নেয়া হবে।

উল্লেখ্য, কোনো শিশুর (অপরাধে সম্পৃক্ত থাকলেও) ছবি বা ভিডিও বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন বা সামাজিক মাধ্যমে প্রকাশ না করার বিষয়ে সভায় পুনরায় গুরুত্বারোপ করা হয়। সূত্র : দৈনিক চাঁদপুর খবর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়