প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ১৭:৪৩
অধিক মূল্যসহ একাধিক অভিযোগে তেল বিক্রির অপরাধে জরিমানা

চাঁদপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে জ্বালানি তেল বিক্রয়সহ একাধিক অভিযোগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ১টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১ এপ্রিল ২০২৬) চাঁদপুর শহরের ৫নং রেলওয়ে ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে জ্বালানি তেল বিক্রয় করা, রেজিস্টারে বিক্রয়ের তথ্য এন্ট্রি না করা, একাধিক বিক্রয় মেমো বই ব্যবহার এবং মূল্য তালিকা না থাকার অপরাধে মেসার্স শাহাজালাল ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
এ তথ্য নিশ্চিত করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। তিনি বলেন, জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানটি স্বেচ্ছায় পরিশোধ করেন। প্রতিষ্ঠানটি পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবে বলে অঙ্গীকার করে। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়া নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্যে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।
এ সময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে।








