প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ১০:০৪
চাঁদপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনারের বিবৃতি

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ৫ মার্চ ২০২৬। নির্বাচনের তফসিল অনুযায়ী রোববার (১ মার্চ ২০২৬) ছিলো মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন। এদিন দুপুর সাড়ে ১২টা ৩৫ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. মোহাম্মদ বাবর বেপারীর কাছে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা দেন জামায়াত সমর্থিত ঐক্যবদ্ধ আইনজীবী কল্যাণ পরিষদের প্রার্থীরা। পরে তাদের পক্ষে গণমাধ্যমে অভিযোগ এনে বক্তব্য দেন ওই প্যানেলের নির্বাচন পরিচালক অ্যাড. মো. শাহজাহান মিয়া। এ অভিযোগ প্রসঙ্গে লিখিত বিবৃতি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. মোহাম্মদ বাবর বেপারী। তিনি বিবৃতিতে উল্লেখ করেন, প্যানেল প্রত্যাহারের আবেদন জমা দেয়াশেষে জামায়াত সমর্থিত ঐক্যবদ্ধ আইনজীবী কল্যাণ পরিষদের সভাপতি প্রার্থী (প্রত্যাহারকৃত) অ্যাড. শেখ আবুল খায়ের মো. ছালেহ ও নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক অ্যাড. শাহজাহান মিয়া বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যম কর্মীদের কাছে নির্বাচন বিষয় নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন। গত ২৬ ফেব্রুয়ারি সুন্দর পরিবেশেই দুই প্যানেলের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। রোববার (১ মার্চ ২০২৬) জামায়াত সমর্থিত ঐক্যবদ্ধ আইনজীবী কল্যাণ পরিষদের প্রার্থীরা স্বেচ্ছায় এসে আমার কাছে (প্রধান নির্বাচন কমিশনার) প্রার্থিতা প্রত্যাহার করেন।








