প্রকাশ : ০৮ মে ২০২৬, ১৯:৪৬
যে একদিন আর আসে না
ছোটবেলায় মা বলতো তুই অনেক বড় হবি,আমার সব স্বপ্ন পূরণ করবি।
আমি তখন কিছুই বুঝতাম না,
শুধু মায়ের কোলে মাথা রেখে বলতাম আমি তো তোমার কাছেই থাকবো।
মা হেসে দিতো কিন্তু সেই হাসির ভেতরে লুকিয়ে ছিল হাজারো স্বপ্ন।
সময় গড়ালো। আমি সত্যিই বড় হলাম,কিন্তু মায়ের কাছ থেকে অনেক দূরে চলে গেলাম।
এখন শহরের ব্যস্ত জীবনে দিন কাটে,
কাজ, দায়িত্ব, ক্লান্তি সবই আছে, শুধু নেই মায়ের সেই ছোঁয়া।
মাঝে মাঝে ফোন আসে
খেয়েছিস?
কেমন আছিস?
আমি ছোট করে উত্তর দেই, ভালো আছি মা, ব্যস্ত আছি।
মা চুপ করে যায় কিন্তু আমি বুঝি,
ওই নীরবতার ভেতরে লুকিয়ে থাকে
হাজারটা না বলা কথা,হাজারটা অপূর্ণ স্বপ্ন।
একদিন হঠাৎ আয়নায় নিজেকে দেখে মনে হলো আমি সত্যিই বড় হয়ে গেছি,কিন্তু মায়ের স্বপ্নগুলো কি পূরণ করতে পেরেছি?
রাতে মায়ের সাথে কথা বলছিলাম।
মা বললো তুই ভালো থাকলেই আমি খুশি।
কথাটা খুব সাধারণ কিন্তু কেমন যেন বুকের ভেতর কেঁপে উঠলো।কারণ আমি জানি,এই ভালো থাকলেই খুশি এর ভেতরেই লুকিয়ে আছে হাজারটা স্বপ্ন,যেগুলো মা কখনো আমাকে চাপিয়ে দেয়নি।
ফোনটা কেটে যাওয়ার পর হঠাৎ মনে হলো ফিরে যেতে পারতাম যদি সেই শৈশবে।
তাহলে হয়তো মায়ের কোলে মাথা রেখে বলতে পারতাম মা, আমি কোথাও যাবো না।
কিন্তু এখন আমি অনেক দূরে,আর মা একা বারান্দায় বসে,আমার জন্য অপেক্ষা করে।হয়তো আজও ভাবে আমার ছেলেটা একদিন ফিরে আসবে,আমার সব স্বপ্ন পূরণ করবে।
আর আমি এখনো ব্যস্ত,এখনো দূরে,
এখনো শুধু বলি একদিন আসবো মা
কিন্তু সেই একদিন কবে আসবে,
আমি নিজেও জানি না।








