শনিবার, ০৪ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্লা সেলিম!

প্রকাশ : ১৭ জুন ২০২৫, ০৮:৫৯

সংবাদমূল্যের বিচারে চাঁদপুর কণ্ঠ

প্রবীর চক্রবর্তী
সংবাদমূল্যের বিচারে চাঁদপুর কণ্ঠ

চাঁদপুর কণ্ঠের একত্রিশ বছরে পদার্পণ উপলক্ষ্যে সম্পাদক থেকে পত্রিকার সকল প্রকার কর্মীবাহিনীকে অভিনন্দন ও শুভেচ্ছা। যদিও সেই তালিকায় আমিও পড়ে যাই। তবে আমি এখানে লিখছি এখন পাঠক হিসেবে, চাঁদপুর কণ্ঠ পত্রিকাকে কীভাবে দেখেছি।

একটি পত্রিকা পাঠকনন্দিত হওয়ার পেছনে সবচেয়ে বড়ো ভূমিকা থাকে তার উপস্থাপনা। চাঁদপুর জেলার অনেক দৈনিক পত্রিকা আমার প্রতিদিনই দেখা ও চোখ বুলানো হয়। দীর্ঘদিন ধরে একজন পাঠক হিসেবে আমার উপলব্ধি হলো, পাঠক হৃদয়ে আস্থা ও বিশ্বাসের জায়গাটি অনেকখানি তৈরি করতে সক্ষম হয়েছে চাঁদপুর কণ্ঠ। মাঠ পর্যায়ে অনেক সংবাদকর্মী নিজেরাও স্বীকার করেন চাঁদপুর কণ্ঠ ঘটনার ব্যাপ্তির ওপর নির্ভর করে সংবাদটিকে যথাযথ মূল্য তথা যথাস্থানে দিতে পারার কারণেই পাঠক সমাদৃত। আমি ব্যক্তিগতভাবেও এটি মনে করি। একই সংবাদ যখন সহযোগী পত্রিকাগুলো অপেক্ষাকৃত কম গুরুত্ব দিয়ে ছেপেছে, তখন চাঁদপুর কণ্ঠ এর বিপরীতে হেঁটেছে। তবে এক সময়ের প্রিন্টিং সংস্করণে কে কতো কপি পত্রিকা বেশি ছাপাতে পারবে, সেদিন মনে হয় শেষ হয়ে গেছে। এখন আমরা সকলেই অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মাল্টিমিডিয়ার ওপর জোর দিচ্ছি। পত্রিকাগুলো দ্রুত সংবাদ অনলাইনে আপলোড করা, ঘটনার ভিডিও ইউটিউব ও ফেসবুকসহ এসব মাধ্যমে দ্রুত ছেড়ে দেয়ার প্রতিযোগিতায় নেমেছে। সেই তালিকায় চাঁদপুর কণ্ঠও ক্রমাগত এগুচ্ছে। তবে একজন পাঠক হিসেবে আমার চাওয়া চাঁদপুর কণ্ঠ পত্রিকার কাছে একটু বেশিই। অনলাইন পোর্টালকে আধুনিকীকরণ ও সুন্দর করা। ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমকে পরিপূর্ণ ব্যবহারে ঝাঁপিয়ে পড়া। প্রতিপক্ষ কে তা বিবেচনা না করে নিজেকেই প্রতিপক্ষ বিবেচনা করে ক্রমাগত এগিয়ে যাওয়ার প্রত্যয়ই চাঁদপুর কণ্ঠকে তার গন্তব্যে সহজেই এগিয়ে নিতে পারে।

মোবাইল জার্নালিজম আজ বাস্তবতা। আমার পাঠক হিসেবে প্রত্যাশা, চাঁদপুর কণ্ঠ পরিবার এই বিষয়ে আরো বেশি একটিভ হবেন। প্রতিটি সংবাদকর্মী এই বিষয়ে পারদর্শী হয়ে পাঠক হিসেবে আমাদের বিশ্বাসের জায়গাকে আরো মজবুত করবেন।

চাঁদপুর কণ্ঠ এখনো নিয়মিত সম্পাদকীয় করে প্রকাশিত সংবাদ নিয়ে দিক-নির্দেশনা প্রদান করে যাচ্ছে। সপ্তাহের প্রায় প্রতিদিনই একটি সাপ্তাহিক প্রকাশনা অব্যাহত রাখার মাধ্যমে সকল শ্রেণি- পেশার মানুষকে বিশেষভাবে মূল্যায়িত করা চাঁদপুর কণ্ঠের অনন্য উদ্যোগ।

বির্তক প্রতিযোগিতা তো চাঁদপুরবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছে। টানা দেড় দশক ধরে বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে চাঁদপুর কণ্ঠ জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বিতর্ক নিয়ে কাজ করার অনুপ্রেরণাদায়ক হিসেবে চিহ্নিত হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই মাহেন্দ্রক্ষণে চাঁদপুর কণ্ঠের কাছে বড়ো চাওয়া অনলাইন ও অফলাইন প্রতিটি মাধ্যমেই পত্রিকাটি স্বকীয়তা ধরে রাখবে।

লেখক : প্রবীর চক্রবর্তী, গণমাধ্যমকর্মী; ব্যুরো ইনচার্জ (ফরিদগঞ্জ), দৈনিক চাঁদপুর কণ্ঠ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়