প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ১৫:০৭
সুরধ্বনি একাডেমির ঋতুভিত্তিক আয়োজন 'বর্ষামঙ্গল'

চাঁদপুরে মনোজ্ঞ নাচ ও গানের মধ্য দিয়ে পুরানো সাংস্কৃতিক সংগঠন সুরধ্বনি একাডেমির ঋতুভিত্তিক আয়োজন 'বর্ষামঙ্গল' অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই ২০২৬) বিকেলে এ আয়োজন অনুষ্ঠিত হয়। সুরধ্বনি একাডেমির সদস্য সচিব অমরেশ দত্ত জয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মুনিরা আক্তার।
তিনি বলেন, "সুরধ্বনি একাডেমি একটি পুরানো সাংস্কৃতিক সংগঠন। ২০০৭ সালের ১ মার্চ সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। এর প্রধান কার্যালয় শহরের হাজী মহসিন রোড এলাকায়। এ পর্যন্ত এই সংগঠনের শিক্ষার্থীরা প্রায় ৪০টি জাতীয় পুরস্কার অর্জন করেছে। আমি এই সংগঠনটির নানা আয়োজন সম্পর্কে আগে থেকেই অবগত।"
তিনি আরও বলেন, "প্রতিবছর রবীন্দ্র, নজরুল ও সুকান্ত জয়ন্তী, ২৬ মার্চ, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং বর্ষা ও শরৎসহ বিভিন্ন ঋতুভিত্তিক অনুষ্ঠান উদযাপন করে আসছে সুরধ্বনি। বর্তমানে একাডেমিতে সঙ্গীত, নৃত্য, তবলা, আবৃত্তি ও চিত্রাঙ্কন বিভাগে অনেক শিক্ষার্থী তালিম নিচ্ছে। সুরধ্বনি একাডেমি পাশে চাইলে আমি সার্বিক সহযোগিতায় সবসময় পাশে থাকব।"
সুরধ্বনি একাডেমির অধ্যক্ষ অনিতা নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারী উদ্যোক্তা সংগঠন 'বিজয়ী'র ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান, রোটারিয়ান মাসুদ হাসান এবং সুরধ্বনির অ্যাডহক কমিটির সদস্য রফিকুজ্জামান রণি।
অনুষ্ঠানে সুরধ্বনি একাডেমির শিক্ষার্থীরা একক ও দলগতভাবে ১০টি গান এবং ৩টি নৃত্য পরিবেশন করে।
অনুষ্ঠানে সুরধ্বনি একাডেমির অ্যাডহক কমিটির সদস্য মিঠুন বিশ্বাস, 'বিজয়ী'র কর্মকর্তা আশিক খান, সাংবাদিক কে এম মাসুদ ও সুজন চৌধুরী, ব্যবসায়ী বিপ্লব দাস, তবলা বাদক অপু দাসসহ শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার সুধীজনেরা উপস্থিত ছিলেন।








