প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে 'সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ'-এর যাত্রা শুরু ও জাতীয় গোলটেবিল বৈঠক

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে 'সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ' (সিজিএস)। এ উপলক্ষে শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের আমিনুল ইসলাম মিলনায়তনে 'সুশাসন ও প্রতিষ্ঠানসমূহ : বাংলাদেশে উন্নত সুশাসনের লক্ষ্যে জ্ঞান, নীতি ও অনুশীলনের সংযোগ' শীর্ষক এক জাতীয় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। সম্মানিত অতিথি ছিলেন জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ। ডিআইইউ-এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আর কবির এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, "বাংলাদেশের উন্নয়ন ভিশনকে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক করতে কার্যকর প্রতিষ্ঠান, প্রমাণভিত্তিক নীতিনির্ধারণ, স্বচ্ছতা এবং জবাবদিহিতার কোনো বিকল্প নেই। এলডিসি উত্তরোত্তর রূপান্তর ও উন্নত রাষ্ট্র গঠনে সরকার, একাডেমিয়া ও বেসরকারি খাতের শক্তিশালী অংশীদারিত্ব প্রয়োজন।"
সম্মানিত অতিথি জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ বলেন, গবেষণা ও তথ্যের ভিত্তিতে জাতীয় নীতি নির্ধারণে বিশ্ববিদ্যালয় এবং থিংক ট্যাংকগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। সভাপতির বক্তব্যে ড. মো. সবুর খান উল্লেখ করেন, নতুন প্রতিষ্ঠিত এই সেন্টারটি গবেষণা, নীতি সংলাপ ও প্রমাণভিত্তিক নীতিনির্ধারণে বিশেষ মাত্রা যোগ করবে। এছাড়া উপাচার্য অধ্যাপক ড. এম আর কবির আশা প্রকাশ করেন, সেন্টারটি দেশের জননীতি ও নেতৃত্ব উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে। গোলটেবিল বৈঠকে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, নীতিনির্ধারক ও সুশাসন বিশেষজ্ঞরা জনপ্রশাসন সংস্কার, ডিজিটাল রূপান্তর, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং নাগরিকমুখী সেবা নিশ্চিত করার ওপর জোর সুপারিশ উপস্থাপন করেন।
উল্লেখ্য, নবপ্রতিষ্ঠিত সিজিএস গবেষণা, প্রশিক্ষণ, নীতি-আলোচনা ও নির্বাহী শিক্ষার মাধ্যমে বাংলাদেশের সুশাসন ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে একটি জাতীয় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।








