প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ০২:০৭
এক শিক্ষার্থী এক গাছ'
ভবিষ্যৎ প্রজন্মকে গড়তে রূপসা আহমদিয়া উচ্চ বিদ্যালয়ে জেলা শিক্ষা কর্মকর্তার দিকনির্দেশনা

|আরো খবর
সভায় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে জেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি, একাডেমিক পরিবেশ এবং সহপাঠক্রমিক কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
তিনি শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ জোরদার, মাদক, বাল্যবিবাহ এবং ডিজিটাল ডিভাইসের অপব্যবহার প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম ও কাউন্সেলিং আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে মোবাইল ফোন, অনলাইন গেম এবং সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতি অতিরিক্ত আসক্তি তাদের লেখাপড়া ও মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলছে বলে তিনি উল্লেখ করেন। এ বিষয়ে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় 'ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি' কর্মসূচি বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়। জেলা শিক্ষা কর্মকর্তা বলেন, বৃক্ষরোপণ কর্মসূচি সরকারের অগ্রাধিকারভিত্তিক উদ্যোগগুলোর অন্যতম। পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নিতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রীও বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করে আসছেন এবং একটি সবুজ, বাসযোগ্য বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা, দেশপ্রেম এবং সামাজিক দায়বদ্ধতার শিক্ষায় গড়ে তুলতে হবে। বিদ্যালয়কে শুধু পাঠদান নয়, বরং একজন আদর্শ নাগরিক তৈরির কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পরিদর্শন শেষে বিদ্যালয়ের সার্বিক শিক্ষা পরিবেশ ও বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করে জেলা শিক্ষা কর্মকর্তা শিক্ষার গুণগত মানের আরো উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
ডিসিকে /এমজেডএইচ








