প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০১:৫৫
চাঁবিপ্রবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গৌরবময় সূচনা স্মরণে আলোচনা সভা

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চাঁবিপ্রবি) মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) চাঁদপুর সদরে 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গৌরবময় সূচনা’ স্মরণে আলোচনা সভা, স্মরণানুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহমেদ। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রিন্স মাহমুদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর জুলাই আন্দোলনের সকল শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
|আরো খবর
আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই আন্দোলন ছিলে বৈষম্য, অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থী-জনতার ন্যায্য অধিকার প্রতিষ্ঠার এক ঐতিহাসিক সংগ্রাম। এই আন্দোলন গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়কে আরও সুদৃঢ় করেছে। বক্তারা আরও উল্লেখ করেন, ১৪ জুলাই ২০২৪ সালে চাঁদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সূচনায় চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন বিভাগের ২য় ব্যাচের শিক্ষার্থী আফরিন আল-আমিন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২য় ব্যাচের শিক্ষার্থী জাহিদ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ১ম ব্যাচের শিক্ষার্থী সিয়াম হোসেন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ১ম ব্যাচের শিক্ষার্থী রাকিবুল কবির নেহাল ও আসাদুজ্জামান সিফাত।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহমেদ জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক সমাজ গঠনে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে প্রক্টর প্রিন্স মাহমুদ শিক্ষার্থীদের দেশপ্রেম, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার চর্চার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে জুলাই আন্দোলনের সকল শহীদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। স্মরণানুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো পরিবেশ ছিলো আবেগঘন ও তাৎপর্যপূর্ণ। বক্তারা জুলাইয়ের চেতনা ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
ডিসিকে /এমজেডএইচ








