প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ০১:৪৮
আমিরাবাদ জি. কে. উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এনাম চৌধুরী
শিক্ষার মানোন্নয়নের অঙ্গীকার

চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আমিরাবাদ জি. কে. উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নতুন এডহক কমিটি অনুমোদিত হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার বিদ্যালয় পরিদর্শক কর্তৃক ১৩ জুলাই ২০২৬ (সোমবার) স্বাক্ষরিত এক পত্রে এই কমিটি অনুমোদন দেওয়া হয়। এ কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন গোলাম ইয়াজদানী চৌধুরী (এনাম চৌধুরী)।
|আরো খবর
বিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং সার্বিক উন্নয়নের লক্ষ্যে বোর্ড কর্তৃক অনুমোদিত এই এডহক কমিটি আগামী ছয় মাসের জন্যে দায়িত্ব পালন করবে। অনুমোদিত কমিটির অন্যান্য সদস্য হলেন—পদাধিকার বলে সদস্য সচিব হিসেবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক প্রতিনিধি এবং অভিভাবক প্রতিনিধি।
নবনিযুক্ত সভাপতি এনাম চৌধুরী তাঁর নতুন এই দায়িত্ব সম্পর্কে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, "আমিরাবাদ জি. কে. উচ্চ বিদ্যালয়কে জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করাই আমার প্রধান লক্ষ্য। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত সুবিধা বৃদ্ধি এবং পারস্পরিক সুসম্পর্ক বজায় রেখে বিদ্যালয়ের ঐতিহ্য ফিরিয়ে আনতে আমি বদ্ধপরিকর।"
তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং স্থানীয় এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
উল্লেখ্য যে, বোর্ড কর্তৃক অনুমোদিত পত্রে এই মেয়াদের মধ্যেই নিয়ম অনুযায়ী একটি স্থায়ী নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করার পরামর্শ প্রদান করা হয়েছে। এনাম চৌধুরীর নেতৃত্বে বিদ্যালয়টি উন্নয়নের নতুন শিখরে পৌঁছাবে—এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয় অভিভাবক ও সুধীজন।
ডিসিকে /এমজেডএইচ








