প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০০:১৬
হামানকর্দ্দি পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী হামানকর্দ্দি পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ে আসন্ন এসএসসি পরীক্ষা-২০২৬ উপলক্ষে এক আবেগঘন বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল ২০২৬) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক হৃদয়স্পর্শী পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন এবং সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক মো. শওকত হোসেন। দশম শ্রেণীর শিক্ষার্থী মো. সাখাওয়াত হোসেনের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর জেলা কৃষক দলের সভাপতি মো. এনায়েত উল্লাহ খোকন। তিনি তার বক্তব্যে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও আদর্শিক জীবন গঠনের আহ্বান জানান। তিনি বিশ্ববিখ্যাত দার্শনিক সক্রেটিস ও এরিস্টটলের উদাহরণ দিয়ে বলেন, জ্ঞান ও চিন্তার শক্তিই পৃথিবীকে বদলে দেয়—শিক্ষার্থীদেরও সেই পথ অনুসরণ করে দেশ ও সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, “পরীক্ষার সময় ধৈর্য ও আত্মবিশ্বাস বজায় রেখে সৃষ্টিকর্তার ওপর ভরসা করতে হবে। মনোযোগ দিয়ে পড়াশোনা করলে অবশ্যই ভালো ফলাফল অর্জন সম্ভব।” পাশাপাশি তিনি শিক্ষার্থীদের পিতা-মাতার মুখ উজ্জ্বল করতে সৎ, যোগ্য ও মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার পরামর্শ দেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের পক্ষ থেকে মানপত্র পাঠ করেন শিক্ষার্থী মিম আক্তার এবং বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে মানপত্র পাঠ করেন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুরমা আক্তার। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন আবিদা আক্তার, খাদিজা আক্তার ও ইসরাত জাহান। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন আরাফাত উল্লাহ ঢালী ও জান্নাত আক্তার।
শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন শরীরচর্চা শিক্ষক রোকসানা আক্তার ও সিনিয়র শিক্ষক আয়েশা আক্তার। এছাড়া অতিথিদের মধ্যে বক্তব্য দেন প্রভাষক জহিরুল ইসলাম মুরাদ, জিলানী চিশতী কলেজ, মাহবুবুর রহমান বাবলু, আহ্বায়ক, ৬নং মৈশাদী যুবদল, মফিজুর রহমান মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক, মৈশাদী ইউনিয়ন, রফিকুল ইসলাম সহ-সভাপতি, মৈশাদী ইউনিয়ন, মাহবুবুর রহমান স্বপন, সভাপতি, মৈশাদী ইউনিয়ন বিএনপি এবং আলহাজ্ব খান আব্দুস সাত্তার মাস্টার, সদস্য, চাঁদপুর জেলা বিএনপি প্রমুখ।
অনুষ্ঠানের শেষ পর্বে বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মো আবু নাছের দোয়া পরিচালনা করেন। দোয়া মাহফিলে শিক্ষার্থীদের সফলতা, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। পুরো অনুষ্ঠানজুড়ে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে আবেগঘন পরিবেশ বিরাজ করে।
উল্লেখ্য, অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাবেক ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দসহ এলাকার বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা আসন্ন এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে প্রতিষ্ঠানের সুনাম আরও বৃদ্ধি করবে।







