শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ১৬:১২

আইদি পরিবহনের বাসে জন্ম নিলো ফুটফুটে ছেলে সন্তান, মানবতার অনন্য দৃষ্টান্ত

কামরুজ্জামান টুটুল।।
আইদি পরিবহনের বাসে জন্ম নিলো ফুটফুটে ছেলে সন্তান, মানবতার অনন্য দৃষ্টান্ত

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে চলাচলকারী আইদি পরিবহনের একটি বাসে মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বাসটির চালক, স্টাফ ও যাত্রীরা। তাদের সম্মিলিত সহযোগিতায় বাসের ভেতরেই এক প্রসূতি নারী ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দিয়েছেন।

গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) কুমিল্লার বিজরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ওই বাসে থাকা এক প্রত্যক্ষদর্শী যাত্রী।

প্রত্যক্ষদর্শী ও বাসের স্টাফদের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার চাঁদপুর ওয়্যারলেস এলাকা থেকে এক দম্পতি তাদের দুই সন্তানকে সঙ্গে নিয়ে আইদি পরিবহনের ওই বাসে ওঠেন। বাসটি জগৎপুর বাজার পার হওয়ার পর ওই পুরুষ যাত্রী চালকের কাছে সামনে কোনো হাসপাতাল আছে কি না জানতে চান। চালক তাকে মুদাফফরগঞ্জ বাজারের কথা জানান। পরবর্তীতে মুদাফফরগঞ্জ বাজার পার হয়ে বাসটি বিজরা বাজারের কাছাকাছি পৌঁছালে ওই ব্যক্তি চিৎকার করে বাস থামাতে বলেন।

অন্য যাত্রীরা বিষয়টি জানতে চাইলে তিনি জানান, তার স্ত্রী অসুস্থ হয়ে পড়েছেন এবং তার প্রসব বেদনা উঠেছে। এ সময় বাসে থাকা অপর এক নারী যাত্রী এগিয়ে গিয়ে বুঝতে পারেন প্রসব প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তাৎক্ষণিকভাবে বিজরা বাজারে বাসটি থামিয়ে চালক, স্টাফ ও কয়েকজন যাত্রী দ্রুত পাশের একটি হাসপাতালে ছুটে যান। সবার অনুরোধে হাসপাতাল থেকে একজন প্রশিক্ষিত নার্স এসে বাসের ভেতরেই ওই নারীর নিরাপদ ডেলিভারি সম্পন্ন করেন। ফুটফুটে একটি ছেলে সন্তান জন্ম নেওয়ার পর বাসের সবার মাঝে স্বস্তি ফিরে আসে।

এ ঘটনার কারণে বেশ খানিকটা সময় নষ্ট হওয়ায় পেছনে থাকা একই পরিবহনের কয়েকটি বাস ওভারটেক করে সামনে চলে যায়, ফলে বাসটির সিরিয়াল ভেঙে যায়। তবে প্রসূতি মা ও নবজাতকের কথা বিবেচনা করে বাসের কোনো যাত্রীই সময়ক্ষেপণের বিষয়ে কোনো অভিযোগ করেননি; বরং সবাই ধৈর্য ধরে সহযোগিতা করেছেন।

প্রত্যক্ষদর্শী যাত্রী জানান, তাৎক্ষণিক পরিস্থিতির কারণে বাসের নম্বর কিংবা স্টাফদের নাম-পরিচয় সংগ্রহ করা সম্ভব হয়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, সন্তান প্রসবের সম্ভাব্য তারিখ কাছাকাছি থাকায় ওই নারী স্বামী ও সন্তানদের নিয়ে বাবার বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যেই তার প্রসব বেদনা শুরু হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়