শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ০০:৪৩

চরাঞ্চলের অসহায় মায়েদের ভরসা রেড ক্রিসেন্ট মেটারনিটি হাসপাতাল

স্বল্প খরচে মা ও শিশুর চিকিৎসাসেবায় বছরে ১৫ লাখ টাকা ভর্তুকি দিচ্ছে ফাউন্ডেশন

স্বল্প খরচে মা ও শিশুর চিকিৎসাসেবায় বছরে ১৫ লাখ টাকা ভর্তুকি দিচ্ছে ফাউন্ডেশন
শেখ আল মামুন

প্রতিবছর প্রায় ১৫ লাখ টাকা ভর্তুকি দিয়ে অসচ্ছল ও অসহায় গর্ভবতী মা এবং শিশুদের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে গিয়াসউদ্দিন আহমেদ রেড ক্রিসেন্ট মেটারনিটি হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র। চাঁদপুর শহরের পুরান বাজারের নিতাইগঞ্জ- টিএন্ডটি রোড এলাকায় হাসপাতালটি অবস্থিত।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শুরুর দিকে ভর্তুকির পরিমাণ ছিলো ৩০ থেকে ৩৫ লাখ টাকা। রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় ভর্তুকির পরিমাণ এখন অর্ধেকে নেমে এসেছে। বর্তমানে হাসপাতালটিতে শুধু বহির্বিভাগ চালু রয়েছে। মাত্র ১০০ টাকায় টিকিট কেটে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে গর্ভবতী মা ও শিশুদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। পাশাপাশি স্বল্প খরচে আল্ট্রাসনোগ্রামসহ গর্ভবতী মা ও শিশুদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা রয়েছে। হাসপাতালে একজন বিশেষজ্ঞ চিকিৎসক, কর্মকর্তা ও নার্সসহ ১৭ জন কর্মরত আছেন।

খোঁজ নিয়ে জানা যায়, পুরানবাজার ও এর আশপাশের এলাকা, বিশেষ করে চরাঞ্চলের অসহায় ও হতদরিদ্র মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নিজ অর্থায়নে ২০ শয্যাবিশিষ্ট (তিনতলা ভবন) এই হাসপাতালটি নির্মাণ করে। ১৯৮৪ সাল থেকে ১৯৯৪ সাল পর্যন্ত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি তাদের নিজস্ব অর্থায়নে হাসপাতালের সব কার্যক্রম পরিচালনা করতো। এরপর আর্থিক সংকটের কারণে হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দেয়।

দীর্ঘ প্রায় ১৬ বছর বন্ধ থাকার পর ২০১১ সালে রেড ক্রিসেন্ট সোসাইটির কাছ থেকে একটি চুক্তির মাধ্যমে হাসপাতালটি পুনরায় চালুর উদ্যোগ নেয় গিয়াসউদ্দিন আহমেদ ও মঞ্জুরা ফাউন্ডেশন। বর্তমানে এই ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে হাসপাতালের কার্যক্রম বেশ সুনামের সঙ্গে পরিচালিত হচ্ছে। একজন রেজিস্টার্ড চিকিৎসক সপ্তাহে ছয় দিন (শুক্রবার ব্যতীত) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নিয়মিত চিকিৎসাসেবা দিয়ে থাকেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, বেশ ক'জন নারী রোগী চিকিৎসাসেবা নিতে এসেছেন। এদের মধ্যে বেশিরভাগ রোগীই গর্ভবতী মা।

চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়ন থেকে চিকিৎসাসেবা নিতে আসা মারুফা বেগম বলেন, আমার পরিবারের সবাই এবং আত্মীয়স্বজনরাও গত পাঁচ বছর যাবত এই হাসপাতালে চিকিৎসাসেবা নিচ্ছেন। এখানে ১০০ টাকায় বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে পারি এবং পরীক্ষা-নিরীক্ষার খরচ অন্যান্য হাসপাতাল থেকে অনেক কম। বিশেষ করে একটি আল্ট্রাসনোগ্রাম করাতে অন্যান্য হাসপাতালে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকা লাগে, আর এখানে মাত্র ৭০০ টাকা।

সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া থেকে আসা লাবণী আক্তার বলেন, এখানকার চিকিৎসাসেবা অনেক ভালো। স্বল্প খরচে চিকিৎসাসেবা পাওয়ার কারণে আমরা এখানে নিয়মিত চিকিৎসাসেবা নিতে আসি। এখানকার লোকজন অনেক আন্তরিক।

হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা বরকত উল্লাহ পাটোয়ারী বলেন, গিয়াসউদ্দিন আহমেদ ও মঞ্জুরা ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে ২০১১ সাল থেকে হাসপাতালে সেবা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। শুরুর দিকে বছরে ভর্তুকির পরিমাণ ছিলো প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকা। রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধির ফলে ভর্তুকির পরিমাণ অর্ধেকে নেমে এসেছে; বর্তমানে বছরে প্রায় ১৫ লাখ টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালটিতে এখন শুধুমাত্র বহির্বিভাগ চালু রয়েছে। পাশাপাশি স্বল্প খরচে গর্ভবতী মা ও শিশুদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা রয়েছে। এই ফাউন্ডেশনের মূল লক্ষ্য স্বল্প আয় ও হতদরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।

হাসপাতাল কর্তৃপক্ষ ভবিষ্যতে গর্ভবতী মায়েদের ডেলিভারি সেবা পুনরায় চালুর চিন্তাভাবনা করছেন। বরকত উল্লাহ পাটোয়ারী আরও বলেন, এখানকার কার্যক্রমের সব তথ্য প্রতিবেদন আকারে প্রতি মাসে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিতে হয়।

হাসপাতালের আরেক প্রশাসনিক কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, মরহুম গিয়াসউদ্দিন আহমেদের পরিবারের সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক; ওনার পরিবারের লোকজন অনেক উদার মনের মানুষ। যার ফলে এই হাসপাতালে বছরে প্রায় ১৫ লাখ টাকা ভর্তুকি দিয়ে অসহায় মানুষের কথা মাথায় রেখে চিকিৎসাসেবা চালু রেখেছেন। মরহুম গিয়াসউদ্দিন আহমেদের ছেলে যুক্তরাষ্ট্রপ্রবাসী মুসা আহমেদসহ পরিবারের অন্যান্য সদস্য এখানকার ভালো-মন্দ দেখভাল করেন।

হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জান্নাতুল মাওয়া (গাইনি, মেডিসিন ও শিশু রোগে অভিজ্ঞ) বলেন, ২০১৮ সাল থেকে আমি এই হাসপাতালে চিকিৎসাসেবা দিয়ে আসছি। এখানে সেবা নিতে আসা রোগীরা অত্যন্ত অসহায় ও হতদরিদ্র। অন্যান্য বেসরকারি হাসপাতালের তুলনায় এখানে আল্ট্রাসনোগ্রাম ও অন্যান্য পরীক্ষা-নিরীক্ষার খরচ তুলনামূলক অনেক কম। এখানে বেশিরভাগ রোগী চরাঞ্চল থেকে আসে। আমি আমার সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করি।

গর্ভবতী মায়েদের পরামর্শ দিয়ে তিনি বলেন, গর্ভাবস্থায় কমপক্ষে তিনটি আল্ট্রাসনোগ্রাম করা, নিয়মিত চিকিৎসকের পরামর্শ নেওয়া, রক্তশূন্যতা আছে কি না তা নিয়মিত পরীক্ষা করা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পুষ্টিকর খাবার গ্রহণ করা উচিত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়