প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ২১:৫৪
হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও দোয়া

চাঁদপুর হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) বিকেলে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আইনুর নাহার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আক্তার হোসেন মাঝি।
তিনি শিক্ষার্থীদের অভিভাবকদের উদ্দেশে বলেন, আপনাদের মূল সম্পদ হচ্ছে আপনাদের সন্তান। তাই তাদের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। সন্তান সুশিক্ষায় শিক্ষিত হলে তা আপনাদের সম্পদের চেয়েও অনেক বড় প্রাপ্তি হবে। বর্তমান বাস্তবতায় সন্তানদের নিয়ে অভিভাবকদের বিদ্যালয়ে আসতে হয়, যেন তারা সুনাগরিক হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মাসুদুর রহমান, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মো. জাকির হোসেন ও লোকমান হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আ. বারেক হাওলাদার, মনির হোসেন, সাহাদাত হোসেন, আব্দুর রহমান, ওমর ফারুক, ফারহানা, নিগার সুলতানা, নাজমা আক্তার, কামরুন নাহার, সাবিয়া বেগম, আঁখি রনী ও নাহার সুলতানা।
সৈয়দ মোহামদ নুরুজ্জামান কাজলের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করে শিক্ষার্থী মো. রাকাত। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেয় অবনিশ জাগরি ও জেনিফা। শেষে দোয়া পরিচালনা করেন চিশতিয়া জামে মসজিদের মোয়াজ্জিন নুরুল আমিন।








