বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০০:৪৭

৭৪ বছরের ঐতিহ্যবাহী আক্কাছ আলী রেলওয়ে একাডেমি দরিদ্র শিক্ষার্থীদের স্বার্থে সরকারিকরণের দাবি

৭৪ বছরের ঐতিহ্যবাহী আক্কাছ আলী রেলওয়ে একাডেমি দরিদ্র শিক্ষার্থীদের স্বার্থে সরকারিকরণের দাবি
অনলাইন ডেস্ক

একটি শিক্ষাপ্রতিষ্ঠান কখনো কখনো কেবল পাঠদানের কেন্দ্র হয়ে থাকে না, হয়ে ওঠে একটি জনপদের স্বপ্ন, সম্ভাবনা ও সামাজিক পরিবর্তনের অন্যতম আশ্রয়স্থল। তেমনই এক ব্যতিক্রমী ইতিহাসের সাক্ষী চাঁদপুর আক্কাছ আলী রেলওয়ে একাডেমি। ১৯৫২ সালে ভাষা আন্দোলনের উত্তাল সময়ে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের সন্তানদের শিক্ষার সুযোগ করে দিতে যে মহৎ উদ্যোগ নিয়েছিলেন নিঃসন্তান দম্পতি মোহাম্মদ আক্কাছ আলী ও তাঁর সহধর্মিণী সেতারা বেগম, সাত দশকেরও বেশি সময় পেরিয়ে আজও সেই উদ্যোগের আলো ছড়িয়ে পড়ছে চাঁদপুরের শ্রমজীবী জনপদে। নিজেদের স্থাবর-অস্থাবর সম্পত্তি শিক্ষার কল্যাণে উইল করে যাওয়া এই দম্পতির স্মৃতিবিজড়িত প্রতিষ্ঠানটি এখন শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর সম্মিলিত প্রত্যাশা নিয়ে সরকারিকরণের অপেক্ষায়।

ত্যাগ ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত

১৯৫২ সালে তৎকালীন দূরদর্শী রেলওয়ে প্রকৌশলী মোহাম্মদ আক্কাছ আলী ও তাঁর সহধর্মিণী সেতারা বেগম নিজেদের সর্বস্ব বিলিয়ে দিয়ে প্রতিষ্ঠা করেন ‘চাঁদপুর আক্কাছ আলী রেলওয়ে একাডেমি’। ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার চাইরবাড়িয়া গ্রামের নিঃসন্তান এই দম্পতি নিজেদের জীবনের সব স্থাবর-অস্থাবর সম্পত্তি উইল করে দেন এলাকার মানুষের কল্যাণে। শুধু শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলাই নয়, মৃত্যুর আগে বিদ্যালয়ের জন্য নিজেদের সম্পত্তি উৎসর্গ করার পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে ‘বাইতুল মামুর’ নামে একটি মসজিদও নির্মাণ করে যান তাঁরা।

তাঁদের সেই মহৎ উদ্যোগের ধারাবাহিকতায় দীর্ঘ ৭৪ বছরের বেশি সময় ধরে প্রতিষ্ঠানটি এলাকার দরিদ্র, নিম্নবিত্ত ও শ্রমজীবী পরিবারের সন্তানদের শিক্ষার সুযোগ করে দিচ্ছে। বর্তমানে বিদ্যালয়টিতে প্রায় ৫০০ শিক্ষার্থী অধ্যয়ন করছে।

প্রধান শিক্ষকের উদ্যোগে বদলে যাচ্ছে শিক্ষার পরিবেশ

বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মো. গোফরান হোসেনের ঐকান্তিক প্রচেষ্টায় ২০১০ সাল থেকে প্রতিষ্ঠানটিতে এসেছে নানা ইতিবাচক পরিবর্তন। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়মুখী করা, ঝরে পড়া রোধ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং মাদক থেকে দূরে রাখতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে তোলার প্রতিও রয়েছে তাঁর বিশেষ মনোযোগ। এসব উদ্যোগের ফলে এলাকার অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষা অর্জনের সুযোগ পাচ্ছে এবং রাষ্ট্র ও সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অবদান রাখছে।

সরকারিকরণের দাবি কেন?

চাঁদপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মাছঘাট, ব্রিটিশ আমলের রেলওয়ে বড় স্টেশন, নদীবন্দর, স্টিমার ঘাট ও লঞ্চঘাটসংলগ্ন এলাকাটি ঘনবসতিপূর্ণ। এখানে বসবাসকারী মানুষের বড় একটি অংশ শ্রমজীবী, নিম্নআয়ের ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারভুক্ত। এসব পরিবারের সন্তানদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিদ্যালয়টির সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোফরান হোসেন বলেন, বর্তমান সরকার দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ বা সরকারিকরণের উদ্যোগ নিচ্ছে। সেই বিবেচনায় দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সন্তানদের শিক্ষার সুযোগ সম্প্রসারণে আক্কাছ আলী রেলওয়ে একাডেমিকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।

তিনি বলেন, “যেখানে কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বিত্তশালী পরিবারের সন্তানদের নিয়ে গড়ে উঠেছে কিংবা নিজস্ব আর্থিক সামর্থ্যের ওপর দাঁড়িয়ে রয়েছে, সেখানে আমাদের বিদ্যালয়টি মূলত শ্রমজীবী ও দরিদ্র মানুষের সন্তানদের নিয়ে পরিচালিত হচ্ছে। এই এলাকার পৌরসভার চারটি ওয়ার্ডজুড়েই রয়েছে ঘনবসতি এবং নিম্নআয়ের মানুষের বসবাস। তাই এই অঞ্চলে শিক্ষার সুযোগ আরও সম্প্রসারণে বিদ্যালয়টি সরকারিকরণ অত্যন্ত জরুরি।”

প্রধান শিক্ষক আরও বলেন, “প্রতিষ্ঠাতা মোহাম্মদ আক্কাছ আলী সাহেব রেলওয়ের প্রকৌশলী হয়েও নিজের নিঃসন্তান জীবনের সব সম্পত্তি এই অঞ্চলের মানুষের শিক্ষার জন্য উৎসর্গ করে গেছেন। তাঁর সেই ত্যাগের যথাযথ সম্মান এবং চাঁদপুরের অবহেলিত এই জনপদের শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি। প্রয়োজনীয় যোগ্যতা ও শর্ত পূরণ সাপেক্ষে বিদ্যালয়টিকে সরকারিকরণের তালিকায় অন্তর্ভুক্ত করা হলে প্রতিষ্ঠাতা আক্কাছ আলী সাহেবের অবদানও চিরস্মরণীয় হয়ে থাকবে।”

সরকারিকরণের পক্ষে স্থানীয় বিশিষ্টজনদের মতামত

বিদ্যালয়টির সরকারিকরণের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাঁদের মতে, দরিদ্র অধ্যুষিত এই এলাকার শিক্ষার্থীদের জন্য সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে।

চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক হাজী শবেবরাত সরকার বলেন, “আক্কাছ আলী স্কুল সবার আগে সরকারিকরণ হওয়ার যোগ্য। কারণ, এই এলাকায় দরিদ্র মানুষের বসবাস বেশি এবং এটি একটি ঘনবসতিপূর্ণ অঞ্চল। এখানকার শিক্ষার উন্নয়নের জন্য প্রতিষ্ঠানটি সরকারিকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি নিজেও সরকারের কাছে বিদ্যালয়টি দ্রুত সরকারিকরণের দাবি জানান।

বিশিষ্ট আলেম মুফতি সিরাজুল ইসলাম বলেন, “এটি একটি দরিদ্র অধ্যুষিত এলাকা। এখানকার গরিব ছেলেমেয়েদের লেখাপড়ার সুযোগ-সুবিধা নিশ্চিত করা প্রয়োজন।”

চাঁদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক ফয়সল আহমেদ বাহার বলেন, “আমরা অবশ্যই চাই, একটি অবহেলিত অঞ্চলের এই বিদ্যালয়টি সরকারিকরণ হোক। তাহলে আমাদের এলাকার মানুষ উপকৃত হবে, শিক্ষার্থীরা উপকৃত হবে, শিক্ষকরাও উপকৃত হবেন।”

এ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, বিদ্যালয়ের বর্তমান উন্নয়ন কমিটির সদস্য সেলিম রেজা বলেন, আক্কাছ আলী রেলওয়ে একাডেমির অবস্থান শহরের একেবারে পশ্চিমাংশে।

বিশেষ করে শহরের গুয়াখোলা এলাকার পর থেকেই রেলেওয়ের অধ্যুষিত এলাকা, যেখানে বর্তমানে সুবিধাবঞ্চিত, আর্থিক অসংগতিসম্পন্ন, নিম্নআয়ের লোকজনের বসবাস। সোজা কথা, যাদের সন্তানদের লেখাপড়া করানো স্বপ্নের মত। তাই বিদ্যালয়টি সরকারিকরণ হলে ঝরে পড়া রোধ হবে এবং এলাকাবাসী উপকৃত হবে।

বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নেও উদ্যোগ

বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে বর্তমান স্থানীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের বিশেষ উদ্যোগের কথা উল্লেখ করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধান শিক্ষক। তাঁর উদ্যোগে বিদ্যালয়ে চারতলা ভবন নির্মাণ, বাউন্ডারি ওয়াল ও গেট নির্মাণের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি প্রতিষ্ঠানটিকে সরকারিকরণের দাবি বাস্তবায়নে স্থানীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী।

ত্যাগের স্বীকৃতি ও শিক্ষার সুযোগ সম্প্রসারণের প্রত্যাশা

মোহাম্মদ আক্কাছ আলী ও সেতারা বেগম যে স্বপ্ন নিয়ে নিজেদের সম্পত্তি উৎসর্গ করেছিলেন, সেই স্বপ্নের ধারাবাহিকতা ধরে রেখেছে চাঁদপুর আক্কাছ আলী রেলওয়ে একাডেমি। সময়ের পরিবর্তনে প্রতিষ্ঠানটির সামনে এখন নতুন সম্ভাবনার পাশাপাশি রয়েছে আর্থিক ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির প্রত্যাশা।

শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর দাবি, প্রয়োজনীয় সরকারি নীতিমালা ও যোগ্যতার শর্ত পূরণ সাপেক্ষে বিদ্যালয়টিকে সরকারিকরণের উদ্যোগ নেওয়া হোক। এতে একদিকে যেমন দরিদ্র পরিবারের সন্তানদের শিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত হবে, অন্যদিকে তেমনি প্রতিষ্ঠাতা দম্পতির দীর্ঘদিনের মানবিক অবদানেরও যথাযথ স্বীকৃতি মিলবে।

তাঁদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। ১৯৫২ সালে যে আলোকবর্তিকা জ্বালিয়েছিলেন মোহাম্মদ আক্কাছ আলী ও সেতারা বেগম, তা যেন আগামী প্রজন্মের শিক্ষার পথেও সমানভাবে আলো ছড়াতে পারে—এটাই এখন চাঁদপুর আক্কাছ আলী রেলওয়ে একাডেমি পরিবার ও এলাকাবাসীর সম্মিলিত প্রত্যাশা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়