প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ২০:৪৬
ফরিদগঞ্জে বাসারা গ্রামে প্রবাসী পরিবারকে পুনরায় বেড়া দিয়ে অবরুদ্ধকরণ, হামলায় দুই নারী আহত

ফরিদগঞ্জ উপজেলার ৩নং সুবিদপুর পশ্চিম ইউনিয়নের বাসারা গ্রামের মাস্টার বাড়িতে এক প্রবাসী পরিবারকে পুনরায় বেড়া দিয়ে অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায় দু নারী আহত হয়েছেন। শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে এ ঘটনা ঘটে।
|আরো খবর
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রবাসী আলী হোসেনের পরিবারের সম্পত্তি দখল, মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং বিভিন্ন সময় হামলা চালিয়ে আসছে প্রতিপক্ষের লোকজন। এরই ধারাবাহিকতায় ডা. মো. সাইফুল ইসলাম (সাইফ)-এর ইন্ধনে মোস্তফা, ছাত্তার, আবুল কালাম ও সায়েরা বেগম শনিবার সকালে ওই বাড়ির অবশিষ্ট খালি জায়গায় জোরপূর্বক বেড়া দিয়ে পুরো পরিবারটিকে অবরুদ্ধ করে ফেলেন।
এ সময় সালমা আক্তার নামে এক নারী এর প্রতিবাদ করলে অভিযুক্তরা তাকে বেধড়ক মারধর করে জখম করেন এবং তার কাপড়চোপড় ছিঁড়ে ফেলেন বলে অভিযোগ রয়েছে। সালমাকে বাঁচাতে তার বড় জা ইয়াসমিন এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। পরে উপায়ান্তর না পেয়ে ৯৯৯-এ কল করলে ফরিদগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত নারীরা পরবর্তীতে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন। এ ঘটনায় সালমা আক্তার বাদী হয়ে চারজনকে অভিযুক্ত করে ফরিদগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
উল্লেখ্য, এর আগে গত ১২ নভেম্বর ২০২৬ আবুল কালাম আজাদ প্রবাসী আলী হোসেনের সম্পত্তির একটি অংশে জোরপূর্বক কাঁটাতারের বেড়া দেন। শনিবার বাকি অংশটুকুতেও বেড়া দিয়ে পুরো যাতায়াত পথ বন্ধ করে দেওয়া হয়। অভিযুক্তরা ভুক্তভোগী পরিবারকে নানা ধরনের হুমকি দিয়ে আসছেন এবং মামলা তুলে না নিলে বাড়ি থেকে বের করে দেওয়ার ভয় দেখাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।








