মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ০১:০০

নামমাত্র মূল্যে সাহাতলী উচ্চ বিদ্যালয়ের পুরোনো ভবন টেন্ডারের অভিযোগ, নেপথ্যে কার স্বার্থ?

নামমাত্র মূল্যে সাহাতলী উচ্চ বিদ্যালয়ের পুরোনো ভবন টেন্ডারের অভিযোগ, নেপথ্যে কার স্বার্থ?
সোহাঈদ খান জিয়া ও পলাশ দে

চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী সাহাতলী উচ্চ বিদ্যালয়ের একটি পুরোনো ভবন অত্যন্ত কম মূল্যে টেন্ডারের মাধ্যমে বিক্রির অভিযোগ উঠেছে। মাত্র ১ লাখ ৭ হাজার টাকায় ভবনটি টেন্ডার দেওয়ার ঘটনায় এলাকায় তীব্র গুঞ্জন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের বড় অঙ্কের আর্থিক ক্ষতি সাধন করে কোনো স্বার্থান্বেষী মহল এই প্রক্রিয়া সম্পন্ন করেছে।

উপজেলার ৪ নম্বর শাহমাহমুদপুর ইউনিয়নের সাহাতলী উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশের পুরোনো ভবনটি সম্প্রতি নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। ১ লাখ ৭ হাজার টাকায় এই টেন্ডার সম্পন্ন হওয়ার পর থেকেই স্থানীয়দের মাঝে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

এলাকাবাসীর ধারণা, ভবনটির বর্তমান বাজারমূল্য অন্তত ৩ থেকে ৫ লাখ টাকা হওয়ার কথা। কিন্তু মাত্র ১ লাখ ৭ হাজার টাকায় কীভাবে এবং কার স্বার্থে এই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হলো তা নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয় সচেতন মহল।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা অভিযোগ করে বলেন, "ভবনটি ভাঙার কাজ শুরু হলে আমরা জানতে পারি যে এটি টেন্ডার হয়েছে। চাঁদপুরের মূলধারার বহুল প্রচারিত পত্রিকায় বিজ্ঞপ্তি না দিয়ে কম প্রচলিত পত্রিকায় নামমাত্র বিজ্ঞাপন দেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষ বা আগ্রহী প্রার্থীরা বিষয়টি জানতে না পারেন। এখানে এক প্রকার 'পুকুর চুরি' করা হয়েছে। এর মাধ্যমে বিদ্যালয়ের আয় বঞ্চিত হয়েছে এবং বিদ্যালয়ের তহবিল থেকে যাওয়া উচিত ছিল এমন অর্থ স্বার্থান্বেষী মহলের পকেটে গেছে।"

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, "সকল নিয়ম মেনেই ভবনের পুরোনো ভবনটির টেন্ডার দেওয়া হয়েছে।"

তবে সম্পূর্ণ ভিন্ন কথা বলেছেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. বাকের খন্দকার। তিনি জানান, টেন্ডারের পুরো প্রক্রিয়াটির বিষয়ে তাঁর কোনো ধারণাই নেই।

স্বচ্ছ প্রক্রিয়ার অভাব এবং নামমাত্র মূল্যে পুরোনো ভবন বিক্রির এই ঘটনার সুষ্টু তদন্ত দাবি করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়