প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬, ১৫:০৪
৭ নভেম্বর যথাযোগ্য মর্যাদায় পালনে চাঁদপুর জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে চাঁদপুরে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রেরিত কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত এই সভাটি সোমবার (২ নভেম্বর ২০২৬) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
|আরো খবর
চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন— চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. এ কে এম সলিম উল্যা সেলিম, চাঁদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) দেবাশীষ চৌধুরী, চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল সিদ্দিক, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী এবং ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহাবুবুর রহমানসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও পদস্থ কর্মকর্তাগণ।
বক্তারা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। দিনটির তাৎপর্য নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরতে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রেরিত নির্দেশনা ও কর্মসূচি যথাযথভাবে পালনে সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সভায় সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দিবসটি উদযাপনের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয় এবং উপ-কমিটির মাধ্যমে কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ স্ব-স্ব অবস্থান থেকে দিবসটি উদযাপনে তাঁদের প্রস্তুতির কথা তুলে ধরেন এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।








