শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬, ২২:২২

শাহতলীতে শহীদ জিয়া স্মরণে ফুটবল টুর্নামেন্ট

চ্যাম্পিয়ন মান্দারী স্পোর্টিং ক্লাব

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী এক্সপ্রেস ক্লাবের উদ্যোগে ‘মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর ফাইনাল খেলা, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) বিকেলে শাহতলী জিলানী চিশতী কলেজ মাঠে টুর্নামেন্টের সমাপনী খেলার শুভ উদ্বোধন করেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ও জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির সভাপতি সোহেল রুশদী।

পরে কলেজ মিলনায়তনে ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. মোশারফ কারীর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সোহেল রুশদী। তিনি বলেন, “যুবসমাজকে সামাজিক যোগাযোগমাধ্যম ও মাদকের ক্ষতিকর আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। শারীরিক ও মানসিক বিকাশের মাধ্যমেই মাদকমুক্ত সমাজ গঠন করতে হবে। মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার করতে হবে। তবে কেউ আইন হাতে তুলে নেবেন না; কোনো মাদক ব্যবসায়ীকে দেখলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন।”

৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর মিজির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও ইউনিয়নের সাবেক সভাপতি এস এম বাকের খন্দকার, ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ, সাধারণ সম্পাদক কামাল মিজি এবং সহ-সভাপতি নজরুল ইসলাম বাবলু।

এ সময় উপস্থিত ছিলেন ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজ মিজি, ৬নং মৈশাদী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. মাহবুব খান বাবলু, ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম বেপারী, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মজিব কারী, তাঁতীদলের সাবেক সভাপতি শাহাদাত গাজী, স্বেচ্ছাসেবক দলের নেতা মো. শওকত কারী, মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক শরীফ গাজী, সাবেক ইউপি সদস্য মো. সফিক কারী, সমাজসেবক মো. নুরুজ্জামান মুন্সি, ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিপন মিজি, ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক পারভেজ মিজি, সমাজসেবক ও ব্যবসায়ী মো. আনোয়ার গাজী এবং মো. জাহাঙ্গীর মিজিসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে 'শাহতলী এক্সপ্রেস' সংগঠনের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

উল্লেখ্য, শহীদ জিয়াউর রহমানের স্মরণে আয়োজিত এ মাদকবিরোধী টুর্নামেন্টে মোট ৩২টি দল অংশগ্রহণ করে। রোমাঞ্চকর ফাইনাল খেলায় এসকে স্পোর্টিং ক্লাবকে ১–০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মান্দারী স্পোর্টিং ক্লাব। খেলাশেষে প্রধান অতিথি সোহেল রুশদী বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি এবং খেলোয়াড়দের গলায় মেডেল পরিয়ে দেন।

সবশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়