প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ২২:১২
চাঁদপুর পৌর এলাকার ৩৫টি পূজামণ্ডপে অনুদানের চেক বিতরণ করলেন এমপি

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চাঁদপুর পৌর এলাকার ৩৫টি পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দের মাঝে পৌরসভার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর ২০২৬) চাঁদপুর পৌর পাঠাগারে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই চেক বিতরণ করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
|আরো খবর
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, "ধর্ম যার যার, রাষ্ট্র সবার—এই চেতনাকে ধারণ করে আমাদের অসাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্য বজায় রাখতে হবে।" তিনি আরও বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সহযোগিতা করা প্রতিটি নাগরিকের সামাজিক ও মানবিক দায়িত্ব। পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মধ্য দিয়েই একটি সুন্দর, শান্তিপূর্ণ ও বৈষম্যহীন চাঁদপুর গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
চাঁদপুর পৌর প্রশাসক দেবাশীষ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সিনিয়র সহ-সভাপতি নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।








