শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬, ২১:০৯

যুবশক্তি নেতাকে অপহরণের ঘটনায় চাঁদপুর মডেল থানায় উত্তাপ, নিরাপত্তা জোরদার

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
যুবশক্তি নেতাকে অপহরণের ঘটনায় চাঁদপুর মডেল থানায় উত্তাপ, নিরাপত্তা জোরদার

চাঁদপুরে জাতীয় যুবশক্তির এক কেন্দ্রীয় নেতাকে অপহরণ ও মারধরের অভিযোগ এবং পরবর্তীতে থানায় মামলা দায়েরকে কেন্দ্র করে পাল্টাপাল্টি ধাওয়া ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এ ঘটনার জন্য জাতীয়তাবাদী ছাত্রদলকে দায়ী করলেও ছাত্রদলের পক্ষ থেকে তা অস্বীকার করে ‘সাধারণ জনগণের প্রতিরোধ’ বলে দাবি করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) দুপুরে ও সন্ধ্যায় চাঁদপুর সদর মডেল থানা ও তৎসংলগ্ন এলাকায় পৃথক এই ঘটনাগুলো ঘটে।

এনসিপি চাঁদপুর মিডিয়া সেলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২টার দিকে চাঁদপুর বড় স্টেশন এলাকা থেকে জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তানিমকে অপহরণ করে নির্জন স্থানে নিয়ে বেধড়ক মারধর করা হয়। এতে তার

মুখমণ্ডল ও পায়ে গুরুতর আঘাত লাগে।

সংগঠনটির আরও দাবি, এ ঘটনার সুরাহা ও আইনি ব্যবস্থার জন্য সন্ধ্যায় এনসিপি, ছাত্রশক্তি ও যুবশক্তির নেতা-কর্মীরা চাঁদপুর সদর মডেল থানায় গেলে ছাত্রদলের নেতা-কর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায় এবং একাধিক মোবাইল ফোন ছিনতাই করে নেয়।

অন্যদিকে এনসিপির এসব অভিযোগ সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছেন চাঁদপুর পৌর ছাত্রদল নেতা শিপন আহমেদ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি দাবি করেন, এনসিপির নেতা-কর্মীরা চাঁদপুর মডেল থানায় উচ্ছৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে গিয়েছিলো। তখন থানার পার্শ্ববর্তী এলাকার সাধারণ জনগণ একত্রিত হয়ে তাদের প্রতিহত করে। সাধারণ মানুষের প্রতিরোধের মুখেই তারা থানা এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়।

শিপন আহমেদ তাঁর ফেসবুক পেজে লিখেন, “চাঁদপুরের মাটিতে মববাজি নয়; সাধারণ জনগণের ঐক্য ও সচেতনতাই হোক অন্যায় ও বিশৃঙ্খলার বিরুদ্ধে প্রতিবাদের শক্তি।”

এদিকে ঘটনার পরপরই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে চাঁদপুর সদর মডেল থানার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। থানার পেছনের অংশ সংলগ্ন পকেট গেটটি তালাবদ্ধ রেখে যাতায়াত সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। পুরো বিষয়টি বিস্তারিত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে থানা সূত্রে জানা গেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়