প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬, ২১:৩৭
হাইমচরে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা

মা ইলিশের নিরাপদ প্রজনন ও বিচরণ নিশ্চিত করার লক্ষ্যে হাইমচর উপজেলা টাস্কফোর্স কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।
হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকসহ সংশ্লিষ্ট অংশীজনেরা।
সভায় আসন্ন প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় টাস্কফোর্সের সার্বিক প্রস্তুতি, নদীতে নিয়মিত অভিযান পরিচালনা ও জেলেদের মাঝে সচেতনতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় জানানো হয়, প্রজনন মৌসুমে মা ইলিশের প্রজনন ও অবাধ বিচরণের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ‘সামুদ্রিক মৎস্য আইন, ২০২০’ এবং ‘সামুদ্রিক মৎস্য বিধিমালা, ২০২৩’ অনুযায়ী সরকারি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৩ আশ্বিন থেকে ১৩ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ (৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর, ২০২৬ খ্রিষ্টাব্দ) পর্যন্ত মোট ২২ দিন সারা দেশের ন্যায় হাইমচরের মেঘনা নদী ও সংযুক্ত জলসীমায় ইলিশসহ সকল প্রকার মৎস্য আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে জানানো হয়, সরকারি নির্দেশনা অমান্য করে নদীতে মাছ শিকারের চেষ্টা করলে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সাথে প্রজনন মৌসুমে এই সরকারি নিষেধাজ্ঞা সফলভাবে বাস্তবায়নে এবং জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় হাইমচরের সর্বস্তরের জনগণ ও জেলে সম্প্রদায়কে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।








