প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪
মতলব উত্তরে ১৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মতলব উত্তর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত অভিযানে ১৪ পিস ইয়াবাসহ রিয়াদ গাজী (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের কর্মকর্তারা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মতলব উত্তর থানাধীন মোহাম্মদপুর গ্রামের গাজী বাড়িতে রিয়াদ গাজীর বসতঘরের পূর্ব পাশের কক্ষে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার কাছ থেকে একটি নীল রঙের জিপারযুক্ত পলি প্যাকেটে থাকা মিথাইল অ্যামফিটামিনযুক্ত লালচে-গোলাপি রঙের ১৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ১ দশমিক ৪ গ্রাম।
গ্রেপ্তার রিয়াদ গাজী মোহাম্মদপুর (গাজী বাড়ি) এলাকার ইয়ার আহমেদ গাজীর ছেলে। তার বয়স ২৮ বছর।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী মতলব উত্তর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মামলায় বাদী হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের উপ-পরিদর্শক মো. সোহেল রানা।








