মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৫

ফরিদগঞ্জে পাউবোর জায়গা দখল করে ভবন নির্মাণ

প্রবীর চক্রবর্তী।।
ফরিদগঞ্জে পাউবোর জায়গা দখল করে ভবন নির্মাণ

পানি উন্নয়ন বোর্ড (পাউবো)-এর জায়গা দখল করে স্থায়ী স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে ফরিদগঞ্জ উপজেলার এক প্রভাবশালীর বিরুদ্ধে। উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের আলোনিয়া গ্রামে গুদারাঘাট বাজারের পশ্চিম পাশে সরকারি সম্পত্তির উপর 'নূর হোসেন' নামে ওই প্রভাবশালী তার মার্কেটের নির্মাণ কাজ গোপনে চলমান রেখেছে। ভবনের চারপাশের দেয়ালের কাজ শেষ করে বর্তমানে ছাদ ঢালাইয়ের প্রস্তুতি চলছে।

সরজমিনে দেখা যায়, গুদারাঘাট বাজারের পশ্চিম পাশে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় স্থায়ী ভবন নির্মাণ করা হচ্ছে। ভবনের চারপাশের দেয়াল নির্মাণের কাজ শেষ হয়েছে। বর্তমানে ছাদ ঢালাইয়ের জন্য বাঁশ ও কাঠের সাটারিংসহ অন্যান্য প্রস্তুতিমূলক কাজ চলছে।

স্থানীয়দের অভিযোগ, সরকারি জায়গায় স্থাপনা নির্মাণের বিষয়ে একাধিকবার বাধা দেয়া হলেও তা উপেক্ষা করে নির্মাণকাজ চালিয়ে যাওয়া হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক বাসিন্দা বলেন, নির্মাণ কাজ শুরুর পর থেকেই স্থানীয়রা নূর হোসেনকে সরকারি জায়গায় স্থাপনা নির্মাণ না করার জন্য একাধিকবার নিষেধ করেছেন। এমনকি সরকারি লোকজন ঘটনাস্থলে এসে কাজ বন্ধ রাখার কথা বললেও তিনি নির্মাণকাজ বন্ধ করেননি। তাদের অভিযোগ, কোনো এক অদৃশ্য শক্তির প্রভাবে সরকারি জায়গায় স্থাপনা নির্মাণের কাজ চলমান রয়েছে।

এ ঘটনায় পানি উন্নয়ন বোর্ড, চাঁদপুর জেলার উপ-সহকারী প্রকৌশলী মো. নিজাম উদ্দিন মজমুদার বাদী হয়ে নূর হোসেনের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।

নির্মাণকাজের বিষয়ে নূর হোসেনের বক্তব্য জানতে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

এদিকে সাংবাদিকদের উপস্থিতির খবর পেয়ে তার মামা এনাম পাটওয়ারী ঘটনাস্থলে এসে সাংবাদিকদের সঙ্গে অশোভন আচরণ করেন। তিনি দাবি করেন, পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমঝোতা করেই স্থাপনা নির্মাণের কাজ চলছে। সরকারি সম্পত্তিতে স্থাপনা নির্মাণের বিষয়ে জানতে চাইলে এনাম পাটওয়ারী কোনো সুনির্দিষ্ট কাগজপত্র বা গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে পারেননি। পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কী ধরনের সমঝোতার ভিত্তিতে কাজ চলছে—এমন প্রশ্নেরও স্পষ্ট উত্তর পাওয়া যায়নি।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড, চাঁদপুর জেলার উপ-সহকারী প্রকৌশলী মো. নিজাম উদ্দিন মজুমদার বলেন, আমরা ঘটনাস্থলে গিয়েছি। যেহেতু সরকারি সম্পত্তিতে স্থাপনা নির্মাণ করা হচ্ছে, তাই তাদের কাজ না করার জন্য বলা হয়েছে। এ বিষয়ে ফরিদগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগও দেয়া হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে গোপন সমঝোতার মাধ্যমে স্থাপনা নির্মাণের কাজ চলছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের সঙ্গে এমন কোনো সমঝোতা হয়নি।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, পানি উন্নয়ন বোর্ডের অভিযোগের পর পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। যেহেতু বিষয়টি সরকারি সম্পত্তির সঙ্গে সংশ্লিষ্ট, তাই আদালতের মাধ্যমে ম্যাজিস্ট্রেট নিয়োগ করে উচ্ছেদের জন্য প্রতিবেদন পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়