প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩৫
রিয়াদে সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সাংস্কৃতিক সন্ধ্যা

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি সাংবাদিক ও প্রবাসীদের অংশগ্রহণে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরাম’-এর সাংস্কৃতিক সন্ধ্যা। প্রবাসে ব্যস্ত জীবনের মাঝে দেশীয় সংস্কৃতি, ঐতিহ্য ও সৌহার্দ্যের বন্ধনকে সুদৃঢ় করার লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে ছিলো গান, কবিতা আবৃত্তিসহ মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।
|আরো খবর
সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি ফারুক আহমেদ চানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফকির আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আবদুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি নাট্যকার রোটারিয়ান মো. জাহাঙ্গীর আলম হৃদয়, আয়োজক কমিটির আহ্বায়ক শাহজালাল ভুট্টো, বিশিষ্ট ব্যবসায়ী জালাল উদ্দীন ফয়সাল, মিজানুর রহমান চৌধুরী, এনটিভি দর্শক ফোরামের সভাপতি আলী হাসান কিরণ, সমাজসেবক ঈসা উল্লাহ ও ফারুক খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম।
বক্তারা বলেন, "প্রবাসী সাংবাদিকরা শুধু সংবাদ পরিবেশনেই ভূমিকা রাখছেন না; তারা বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরার পাশাপাশি প্রবাসীদের নানা সমস্যা, সম্ভাবনা ও সাফল্যের কথা উপস্থাপন করছেন। পেশাগত দায়িত্বের পাশাপাশি এ ধরনের সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ড প্রবাসীদের মাঝে ঐক্য ও সম্প্রীতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
অনুষ্ঠানে অন্যান্য গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন একুশে টিভির প্রতিনিধি মিজানুর রহমান ভূঁইয়া, ৭১ টিভির প্রতিনিধি মাসুদ রানা, মাই টিভির প্রতিনিধি সানাউল্লাহ, আনন্দ টিভির প্রতিনিধি ওবায়দুল্লাহ আকন্দ ভুবন, গাজী টিভির প্রতিনিধি ফকির হাকিম ও চ্যানেল এস-এর প্রতিনিধি এম মেহেদুল খানসহ প্রবাসী গণমাধ্যম নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরাম প্রবাসী সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য শক্তিশালী করার পাশাপাশি প্রবাসীদের দেশীয় সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত রাখতে নিয়মিত কাজ করে যাচ্ছে। আগামীতে আরও বৃহৎ পরিসরে সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথি, সাংবাদিক ও শিল্পীদের মাঝে সম্মাননা প্রদান ও শুভেচ্ছা বিনিময় করা হয়। পরবর্তীতে নৈশভোজের মধ্য দিয়ে আনন্দঘন এ আয়োজনের সমাপ্তি ঘটে।








