প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৯
ফরিদগঞ্জে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের ৪৪৭তম শাখার উদ্বোধন

ফরিদগঞ্জ পৌরসভায় বেসরকারি উন্নয়ন সংস্থা 'পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র'-এর ৪৪৭তম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
ফরিদগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাছিয়াড়া এলাকার রূপসা রোডে নজিবুল হক গাজী বাড়িতে এ শাখার উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের পিএমই (কুমিল্লা রিজন)-এর রিজিওনাল ম্যানেজার মো. নাসির উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএমএফ (কুমিল্লা রিজন)-এর রিজিওনাল ম্যানেজার মো. আব্দুর রশিদ, ফরিদগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর মো. জাকির হোসেন এবং ডাচ-বাংলা ব্যাংক ফরিদগঞ্জ উপশাখার ইনচার্জ মো. শরীফ হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা রিজনের ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার মো. নয়ন আকন, পদক্ষেপ লক্ষ্মীপুর এরিয়া ম্যানেজার মো. আব্দুল মালেক ও মো. মোসলেহ উদ্দিন এবং ফরিদগঞ্জ ব্রাঞ্চ ম্যানেজার মো. মাজহারুল ইসলাম ভূঁইয়া। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন এনজিও প্রতিনিধি ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান ও আর্থিক অন্তর্ভুক্তিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। ফরিদগঞ্জে নতুন শাখা প্রতিষ্ঠার মাধ্যমে স্থানীয় জনগণের জন্য আরও সহজলভ্য ও কার্যকর আর্থিক এবং উন্নয়নমূলক সেবা নিশ্চিত করা সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ফরিদগঞ্জে ৪৪৭তম শাখাটি স্থানীয় মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।








