শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩

মাতৃপীঠের সামনে বিদ্যুতের খুঁটিতে আগুন!

কবির হোসেন মিজি
মাতৃপীঠের সামনে বিদ্যুতের খুঁটিতে আগুন!

চাঁদপুর শহরের সাবেক ছায়াবাণী মোড়ের পশ্চিম পাশে মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গেটসংলগ্ন লেকের পাড়ে বিদ্যুতের খুঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে সেখানে থাকা বিভিন্নজনের বিদ্যুতের তার, ইন্টারনেট ও ডিসের তার পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে মাতৃপীঠ স্কুলের মোড়ে লেকের ঘাটলার কাছের বিদ্যুতের ট্রান্সফরমারে বিকট শব্দ শোনা যায়। এর কিছুক্ষণ পরই সেই বিদ্যুতের খুঁটিতে আগুন জ্বলতে দেখা যায়। এ সময় খুঁটির ওপর ও আশপাশে বেশ কয়েকটি কাকও ছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

আগুন দেখতে পেয়ে পথচারী এবং মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা দ্রুত চাঁদপুর নতুন বাজার বিদ্যুৎ বিতরণ বিভাগ ও চাঁদপুর ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। বিকেল প্রায় সাড়ে ৪টার দিকে আগুন সম্পূর্ণভাবে নিভিয়ে ফেলতে সক্ষম হন তারা।

এ ঘটনায় বিদ্যুতের খুঁটিতে থাকা বিভিন্ন বিদ্যুৎ সঞ্চালন তার, ইন্টারনেটের তার ও ডিস লাইনের তার পুড়ে গেছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মো. মাসুদুর রহমান বলেন, প্রথমে ঘাটলার কাছে বিকট শব্দ শুনতে পাই। পরে দেখি ওই বিদ্যুতের খুঁটিতে আগুন লেগেছে। খুঁটির ওপরে অনেকগুলো কাকও ছিলো।

চাঁদপুর নতুন বাজার বিদ্যুৎ বিতরণ বিভাগের অভিযোগ কেন্দ্রে যোগাযোগ করা হলে তারা বলেন, ঘটনার সময় আমরা সেখানে ছিলাম না। খবর পেয়ে আমরা সেখানে গিয়েছি। তবে কীভাবে আগুন লেগেছে সেটি আমরা নিশ্চিত করে বলতে পারবো না।

চাঁদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মেহেদী হাসান টিপু বলেন, বিদ্যুতের লাইন, ডিসের লাইন ও ইন্টারনেটের তারসহ অনেক তার একই জায়গায় ছিলো। অতিরিক্ত হিট বা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলি। এতে তেমন কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

অগ্নিকাণ্ডের সঠিক কারণ তদন্ত ও বিদ্যুৎ সংযোগের পরিস্থিতি পর্যালোচনা করে নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়