প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৯
ব্যবসায়ীর সৃজনকৃত বাগানের গাছ কাটার অভিযোগ ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে

ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের বাসিন্দা এবং ইউনিয়ন ভূমি অফিসের এক কর্মকর্তার বিরুদ্ধে প্রতিপক্ষের সৃজনকৃত গাছ কাটার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ভূমি কর্মকর্তার বিরুদ্ধে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর মৌখিক অভিযোগ দেয়ার পর সমাধান না পাওয়ায় বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) চাঁদপুর জেলা প্রশাসক বরাবর প্রতিকার চেয়ে অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই ক্ষুদ্র ব্যবসায়ী।
|আরো খবর
জানা গেছে, পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত গুপ্টি পশ্চিম ইউনিয়নের হামছাপুর গ্রামের বাসিন্দা শাহাদাত হোসেন ওই ইউনিয়নের হামছাপুর গ্রামের স্থানীয় নূর নবীর পাশের জমি ক্রয় করেন। কিন্তু তিনি জমির দখল বুঝে নেয়ার দিন পাশের জমির মালিক নূর নবীর অনুপস্থিতিতেই সীমানা নির্ধারণ করেন। পরবর্তীতে শাহাদাত হোসেন নিজের জমির মালিকানা দখল নিতে গিয়ে নূর নবীর জমিতে সৃজনকৃত বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলেন।
নূর নবী অভিযোগ করে বলেন, শাহাদাত হোসেন ভূমি অফিসে চাকুরি করার কারণে ক্ষমতার দাপট দেখিয়ে একদিকে আমার অনুপস্থিতিতে জমির সীমানা দখল নিয়েছে, যা আমার সীমানায় এসে পড়েছে। অন্যদিকে আমার সীমানার মধ্যে থাকা সৃজনকৃত বেলজিয়াম গাছসহ বিভিন্ন প্রজাতির গাছগাছালি কেটে বিনষ্ট করে। এ সময় ক্ষমতার দম্ভ দেখিয়ে ডিসি, ইউএনও, এসিল্যান্ড তার লোক, তাই কোনো কিছু করতে পারবে না বলে হুমকি দিয়ে যায়। আমি বিষয়টি স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যানকে মৌখিকভাবে জানিয়েছি। তারা কোনো পদক্ষেপ নিতে না পারায় আমি ওই ভূমি কর্মকর্তার বিরুদ্ধে চাঁদপুর জেলা প্রশাসক বরাবর বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) লিখিত অভিযোগ করি।
জমির মাপ জরিপকারী বোরহান উদ্দিন মোল্লা জানান, শাহাদাত হোসেনের জমির মাপ জরিপের দিন নূর নবী উপস্থিত না থাকলেও তিনি যার কাছ থেকে জমি ক্রয় করেছেন তিনি উপস্থিত ছিলেন। আমি দাগ নকশা ধরে সঠিকভাবে জমির সীমানা দিয়েছি।
গুপ্টি পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল আহমেদ বলেন, নূর নবী আমার কাছে মৌখিক অভিযোগ জানিয়েছে। আমি তাকে লিখিত অভিযোগ দিতে বলেছি।
অভিযুক্ত শাহাদাত হোসেন অভিযোগের বিষয় বলেন, নূর নবীর যেই স্থানের গাছ কাটা হয়েছে, তা আমার সীমানায় পড়েছে। মূলত তিনি আমার পূর্বে এই জমিটি ক্রয় করতে চেয়েছিলেন। তা না পেরে আমার সাথে বিরোধে জড়াচ্ছেন। তাছাড়া আমি নিজে জমি মাপ জরিপের দিনে থাকতে বলেছি, কিন্তু তিনি থাকবে না বলেছেন।








