প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ২০:১০
হাজীগঞ্জে একই দিনে পানিতে ডুবে দু শিশুর করুণ মৃত্যু

হাজীগঞ্জে একই দিনে পৃথক স্থানে পানিতে ডুবে দু শিশুর করুণ মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) সকালে পৌর এলাকার ৯নং ওয়ার্ডের আলীগঞ্জস্থ মোল্লা বাড়িতে সামাদ (৫) এবং দুপুরে বাকিলা ইউনিয়নের মধ্য সন্না মোল্লা বাড়িতে মুজাহিদ (আড়াই বছর) নামের দু শিশু মারা যায়। দুজনেই নিজ নিজ বাড়ির পুকুরে ডুবে মারা গেছে।
|আরো খবর
নিহত সামাদ আলীগঞ্জের মামুন মোল্লার ছেলে এবং মুজাহিদ মধ্য সন্না মোল্লা বাড়ির হাবিব ও মারজান বেগম দম্পতির ছোট সন্তান।
সামাদের পারিবারিক সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক ৭টার দিকে পরিবারের সবার অলক্ষ্যে শিশুটি বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে স্বজনেরা পুকুরে তার দেহ ভাসতে দেখে উদ্ধার করেন। তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
অন্যদিকে, মুজাহিদের পরিবারের সদস্যরা জানান, দুপুরে বাড়ির উঠানে অন্য শিশুদের সাথে খেলা করছিল সে। একপর্যায়ে সবার অগোচরে বাড়ির পুকুরে পড়ে নিখোঁজ হয় মুজাহিদ। পরে পুকুরে তার দেহ ভেসে উঠলে পরিবারের লোকজনের নজরে আসে। উদ্ধার করে দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পানিতে ডুবে দু শিশুর মৃত্যুর বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, খবর পেয়ে শিশুদের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারগুলোর কোনো অভিযোগ না থাকায় স্বজনদের লিখিত আবেদনের ভিত্তিতে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।








