প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৪
৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার জেলা পর্যায়
হ্যান্ডবল ও কাবাডিতে আজ ফাইনালে লড়বে মতলব কেএফটি কলেজিয়েট স্কুলের বালিকারা

৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর চাঁদপুর জেলা পর্যায়ের খেলায় দুর্দান্ত সাফল্য অর্জন করেছে মতলব দক্ষিণ উপজেলার প্রতিনিধিত্বকারী কেএফটি কলেজিয়েট স্কুলের বালিকারা। রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হ্যান্ডবল ও কাবাডি ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমি-ফাইনালের বাধা পেরিয়ে উভয় খেলায় ফাইনালে উঠেছে স্বনামধন্য এই শিক্ষা প্রতিষ্ঠানের মেয়েদের দুটি দল।
দিনভর রোমাঞ্চকর প্রতিযোগিতায় নিজেদের ক্রীড়াশৈলী প্রদর্শন করে ফাইনালে জায়গা করে নেয়ায় এখন স্কুলজুড়ে বইছে আনন্দের জোয়ার। আজ সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের লক্ষ্য নিয়ে মাঠে নামবে কেএফটি কলেজিয়েট স্কুলের বালিকারা।
এর আগে সকালে চাঁদপুর স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। প্রতিযোগিতায় মতলব দক্ষিণ উপজেলার প্রতিনিধিত্বকারী কেএফটি কলেজিয়েট স্কুল বালিকা টিমের খেলোয়াড় ও অফিসিয়ালরা ফাইনালে জয়ের ধারা অব্যাহত রাখতে শিক্ষানুরাগী ও ক্রীড়ামোদী সকল মতলববাসীর আন্তরিক দোয়া ও সমর্থন কামনা করেছেন।
আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় প্রতিযোগিতার ফাইনাল খেলাশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।







