প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ২২:২১
'রাখিব চারিপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু মশক প্রতিকার' প্রতিপাদ্য নিয়ে মতলব উত্তরে অভিযান

'রাখিব চারিপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু মশক প্রতিকার' প্রতিপাদ্য নিয়ে মতলব উত্তর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬। এ উপলক্ষে শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) সকালে মতলব উত্তর উপজেলা পরিষদের সভা কক্ষে পরিষ্কার পরিচ্ছন্নতা ও ডেঙ্গু মশক প্রতিকার নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
|আরো খবর
আলোচনা সভায় ভিডিওর মাধ্যমে ডেঙ্গু সচেতনতা বৃদ্ধিতে ঢাকা থেকে মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনামূলক বক্তব্য শোনেন উপস্থিত সবাই।
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র দাস, চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু, উপজেলা পরিষদের বিভাগীয় কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ।
আলোচনা সভাশেষে পরিবেশ পরিচ্ছন্নতা ও ডেঙ্গু বিষয়ে গণসচেতনতা বাড়ানোর লক্ষ্যে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়। পরে সকলের অংশগ্রহণে উপজেলা প্রাঙ্গণ এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
এ সময় বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি বলেন, পরিবেশ পরিচ্ছন্নতা ও ডেঙ্গু বিষয়ে গণসচেতনতা বাড়ানোর জন্যে সরকারি, বেসরকারি ও সামাজিক প্রতিষ্ঠানগুলোকে একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রমে যুক্ত করা হয়েছে। পরিবার, সমাজ ও দেশকে সুরক্ষিত রাখতে সবাইকে প্রতিদিন কোনো না কোনোভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে সময় দেয়ার প্রয়োজন রয়েছে। পরিচ্ছন্নতার বিষয়ে জনসচেতনতা বাড়াতে এবং নিজেদের বাড়ি, আঙিনা ও ছাদ পরিষ্কার রাখতে জনগণকে উৎসাহিত করতে হবে।








