শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪১

এবার প্রবাসে যেতেও ভয় পাচ্ছেন ফরিদগঞ্জের এক প্রবাসী

‎ফরিদগঞ্জ ব্যুরো।।
এবার প্রবাসে যেতেও ভয় পাচ্ছেন ফরিদগঞ্জের এক প্রবাসী

১৮ বছর মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে কাটিয়েছেন। পরিবারে স্বাচ্ছন্দ্য নিয়ে আসার জন্যে জীবনের অনেকটা সময় ব্যয় করেছেন প্রবাসে। নিজের স্ত্রী-সন্তান ছাড়াও ভাই-বোনসহ পরিবারের অন্য সদস্যদের পাশে দাঁড়িয়েছেন। নিজের সুখ এবং সন্তানদের ভবিষ্যতের জন্য বাড়ি করলেও আপন ভাইদের তার জমির প্রতি আক্রোশের কারণে সেই সুখের দেখা পাচ্ছেন না। গত দুমাস আগে দেশে ফেরার পর এ অবস্থা আরো জটিল হয়েছে। এখন এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে যে, তার সহোদররাই চাচ্ছেন তিনি যেনো আর প্রবাসে যেতে না পারেন। ফলে বাড়িতে কোনো রকম থাকলেও প্রবাসে ফিরে যেতে ভয় পাচ্ছেন মো. কামাল হোসেন নামে ওই প্রবাসী। ঘটনাটি ফরিদগঞ্জ উপজেলার। ইতোমধ্যেই তিনি নিরাপত্তাহীনতার কথা জানিয়ে থানায় লিখিত অভিযোগও করেছেন।

প্রবাসী কামাল হোসেন জানান, তিনি ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের চরপোয়া গ্রামের ইউনুছ মিয়ার ৫ ছেলের মধ্যে তৃতীয়। তার রয়েছে তিন বোন। গত ১৮ বছর ধরে তার ভাই-বোনসহ পরিবারের সদস্যদের সচ্ছলতার জন্য সৌদি আরবে কাটিয়েছেন। তাদের পৈত্রিক সম্পত্তি ভাগ-বাঁটোয়ারা না হলেও ভাইয়েরা নিজেরা নিজেদের মতো করে বাড়ি করে থাকছেন।

কামাল হোসেন বলেন, গত কয়েক বছর ধরে আমাদের ভাইদের সংসারে যেনো আগুন লেগেছে। আমার দুই ভাই আমার নিজের দখলে থাকা সম্পত্তি তাদের দখলে নেয়ার চেষ্টা শুরু করে। সর্বশেষ কয়েকমাস পূর্বে আমার ঘরের বৈঠকখানা ভেঙ্গে ফেলে তারা। এ ব্যাপারে এলাকায় সালিস হওয়ার পর তারা তা মেরামত করে দেয়। এখন আবার আমার বাথরুম ভেঙ্গে দেয়ার জন্য চাপ সৃষ্টি করছে। এমনকি প্রবাসে থাকা আমার এক ভাই আমি যেনো পুনরায় প্রবাসে ফিরে যেতে না পারি সেজন্য নানা ধরনের হুমকি-ধমকি দিচ্ছে। ফলে আমি এখন প্রবাসে যেতেও ভয় পাচ্ছি। বাধ্য হয়ে আমি শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।

এ ব্যাপারে কামাল হোসেনের ভাই রিপনকে ফোন দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়। ফরিদগঞ্জ থানা পুলিশ জানিয়েছে কামাল হোসেনের অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক ব্যবস্থাগ্রহণ করবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়