প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫৮
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ
লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপি সভাপতির বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নূরুল ইসলাম ভূঁইয়াকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর (শো-কজ) নোটিশ দেয়া হয়েছে। সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন এবং সাধারণ সম্পাদক মো. হযরত আলী ঢালী স্বাক্ষরিত এই চিঠি ০৫-০৯-২০২৬ তারিখে পাঠানো হয়।
|আরো খবর
নোটিশে উল্লেখ করা হয়, ইতঃপূর্বে গত ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে চাঁদপুর সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে সব নেতা-কর্মীকে জমি-জমা সংক্রান্ত দেন-দরবার বা সালিসে জড়িত না হওয়ার জন্য লিখিতভাবে সতর্ক করা হয়েছিল। পাশাপাশি তাকে মৌখিকভাবেও এ বিষয়ে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছিল। কেন্দ্রীয় ও উপজেলা কমিটির সেই নির্দেশনা অমান্য করে নূরুল ইসলাম ভূঁইয়া জমি সংক্রান্ত সালিসের নামে সাধারণ জনগণকে হয়রানি করছেন বলে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। এই কর্মকাণ্ডকে সরাসরি দলীয় শৃঙ্খলা ও সিদ্ধান্ত পরিপন্থী হিসেবে নোটিশে উল্লেখ করা হয়েছে।
কেনো তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না—তা আগামী ৩ (তিন) দিনের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট লিখিতভাবে জানাতে নির্দেশ দেয়া হয়েছে। চিঠির অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাড. একেএম সলিম উল্যা সেলিমের কাছে পাঠানো হয়েছে।







