শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮

বিডা চেয়ারম্যানের সাথে সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের বৈঠক

চাঁদপুরে ৮ হাজার একরে এগ্রোভোল্টাইক সৌরবিদ্যুৎ ও খাস জমিতে ইপিজেড স্থাপনের পরিকল্পনা

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে ৮ হাজার একরে এগ্রোভোল্টাইক সৌরবিদ্যুৎ ও খাস জমিতে ইপিজেড স্থাপনের পরিকল্পনা
বিডা চেয়ারম্যান আশিক চৌধুরীর সাথে বৈঠকশেষে বিশেষ মুহূর্তে চাঁদপুর-৩ আসনের এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান ও জেলা পরিষদ প্রশাসক একেএম সলিম উল্যা সেলিমসহ অন্যরা।

চাঁদপুর জেলার অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধি ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রায় ৮ হাজার একর জমিতে এগ্রোভোল্টাইক সৌরবিদ্যুৎ প্রকল্প এবং কোনো ধরনের ভূমি অধিগ্রহণ ছাড়াই খাস জমিতে একটি আধুনিক রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় এক বিশেষ বৈঠকে এই পরিকল্পনা সম্পর্কিত বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান এবং ইনভেস্ট বাংলাদেশ-এর চেয়ারম্যান আশিক চৌধুরীর সাথে মতবিনিময় করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

বৈঠকশেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, বর্তমান সরকারের উন্নয়ন ভাবনার অংশ হিসেবে চাঁদপুরে বড় ধরনের বিনিয়োগশিল্পায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এই মহাপরিকল্পনার আওতায় ৮ হাজার একর জমিতে একই সঙ্গে কৃষি উৎপাদন ও সৌরবিদ্যুৎ উৎপাদন (এগ্রোভোল্টাইক) কার্যক্রম পরিচালিত হবে, যা দেশের জ্বালানি ও খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে। এছাড়া, ভূমি অধিগ্রহণের দীর্ঘসূত্রতা ও জনদুর্ভোগ এড়াতে সম্পূর্ণ খাস জমিতেই ইপিজেড নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি বাস্তবায়িত হলে স্থানীয় বেকার যুবকদের জন্য বিশাল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

বৈঠকে এলাকার সার্বিক উন্নয়ন, গ্যাস ও যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং নদীভাঙন রোধে বিভিন্ন প্রকল্প নিয়ে বিশদ আলোচনা হয়। সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক চাঁদপুরে পরিকল্পিত শিল্পায়ন এবং মানুষের জীবনমান উন্নয়নে সরকারের এ উদ্যোগে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলার জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমা, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী এবং সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরীসহ স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

স্থানীয় সচেতন মহলের মতে, বিডা চেয়ারম্যানের এ ঘোষণা বাস্তবায়িত হলে চাঁদপুর জেলা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও শিল্পাঞ্চলে রূপান্তরিত হবে।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়