বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ২১:৩০

চাঁদপুর শহরে এসবি খালের ওপর আরসিসি বক্স কালভার্ট উদ্বোধন

বিশেষ প্রতিনিধি।।
চাঁদপুর শহরে এসবি খালের ওপর আরসিসি বক্স কালভার্ট উদ্বোধন
ছবি ক্যাপশন : চাঁদপুর শহরের এসবি খালের ওপর নির্মিত আরসিসি বক্স কালভার্টের ফলক উন্মোচন করছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। পাশে জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিম ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কবির হোসেন সরদার। ছবি : সংগৃহীত।

চাঁদপুর শহরের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ ও যানজট নিরসনে এসবি খালের ওপর নবনির্মিত আরসিসি বক্স কালভার্টের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কালভার্টটির উদ্বোধন করেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক।

স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদপুর শহরের গুরুত্বপূর্ণ এসবি খাল সংলগ্ন মেথা রোড ও জেএম সেনগুপ্ত সড়কে প্রতিনিয়ত তীব্র যানজট লেগে থাকতো, যা এলাকাবাসী ও পথচারীদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। স্থানীয় সংসদ সদস্য ও জেলা পরিষদ প্রশাসকের যৌথ উদ্যোগে খালের ওপর এই কালভার্ট নির্মাণ করে সড়ক প্রশস্ত করার কার্যকর পদক্ষেপ নেওয়া হয়। কালভার্টটি উন্মুক্ত করার ফলে জনবহুল এই এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং শহরের যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যুক্ত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কবির হোসেন সরদার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা পরিষদের সহকারী প্রকৌশলী হোসাইন আহাম্মদ খান, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি মিহির মল্লিক, শাহজালাল ও আল-আমীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

চাঁদপুর জেলা পরিষদের অর্থায়নে ৫০ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটির কাজ বাস্তবায়ন করা হয়। কালভার্ট চালু হওয়ায় স্থানীয় এলাকাবাসী ও ব্যবসায়ীরা সন্তোষ প্রকাশ করে জানান, এটি চালু হওয়ায় যাতায়াতের কষ্ট লাঘবের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের পণ্য পরিবহন আরও সহজ ও দ্রুত হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়