প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩৪
সড়কের পাশে ইট-বালু রাখায় জরিমানা

চাঁদপুর শহরের স্টেডিয়াম রোড এলাকায় প্রধান সড়কের পাশে উন্মুক্তভাবে বালু ও ইট রেখে নির্মাণকাজ পরিচালনার দায়ে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে সড়ক থেকে ইট-বালু সরিয়ে ঢেকে রেখে নির্মাণকাজ করার নির্দেশ দেওয়া হয়।
|আরো খবর
সোমবার (৩১ আগস্ট ২০২৬) চাঁদপুর জেলা প্রশাসন ও চাঁদপুর পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে স্টেডিয়াম রোড এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানকালে বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২-এর ১১(খ) ও ১১(ঙ) ধারা লঙ্ঘনের দায়ে জি এম আবু হানিফ নামের এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপংকর বাড়ৈ। তিনি সড়কের পাশে রাখা ইট ও বালু দ্রুত সরিয়ে নির্ধারিত স্থানে ঢেকে রেখে নির্মাণ কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে নির্দেশনা দেন।
অভিযানে প্রসিকিউশন প্রদান করেন চাঁদপুর পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া। এ সময় পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যরা অভিযানে সক্রিয় সহযোগিতা করেন। চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান জানান, পরিবেশ সুরক্ষা এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।








