প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ২৩:৪৫
বিষ্ণুপুরে পাঁচ শ' শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ
ইউনিয়নে তিন সহস্রাধিক গাছ রোপণের উদ্যোগ

চাঁদপুর সদর উপজেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়নের লালপুর বালুধুম উচ্চ বিদ্যালয়ের প্রায় ৫শ' শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। রোববার (৩০ আগস্ট ২০২৬) বিশিষ্ট ব্যবসায়ী, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এবং আমিরাবাদ জিকে উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এনাম চৌধুরীর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
|আরো খবর
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাওছার আহম্মদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক বলেন, পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, তার অংশ হিসেবে বিষ্ণুপুরের কৃতী সন্তান এনাম চৌধুরীর উদ্যোগে এ আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। বৃক্ষরোপণের মাধ্যমে দেশকে সবুজ-শ্যামল বাংলাদেশে রূপান্তরের উদ্যোগ বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি শিক্ষার্থীদের বিতরণ করা চারাগুলো উপযুক্ত স্থানে রোপণ করে নিয়মিত পরিচর্যার মাধ্যমে বড় করে তোলার আহ্বান জানান। তিনি বলেন, বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে ঘোষিত ইতিবাচক কর্মসূচিগুলো বাস্তবায়নে সহযোগিতা করা আমাদের দায়িত্ব।
এনাম চৌধুরী বলেন, গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং মানুষের জীবন ও নিরাপত্তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এ কর্মসূচির আওতায় বিষ্ণুপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকায় ৩ হাজার ২০০টি গাছের চারা রোপণ করা হবে। এর মাধ্যমে ইউনিয়নটিকে একটি সবুজ ও পরিবেশবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য। তিনি শিক্ষার্থীদের গাছের চারাগুলো যত্নসহকারে রোপণ ও পরিচর্যা করে বড় করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সহকারী প্রধান শিক্ষক মো. ইয়াসিন, নাছিরুল ইসলাম খান, মিজানুর রহমান হাজরা, শরিফ শেখ, সাইফুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। গাছের চারা পেয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। তারা চারাগুলো উপযুক্ত স্থানে রোপণ করে নিয়মিত পরিচর্যার মাধ্যমে বড় করার প্রত্যয় ব্যক্ত করে।







