রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ২২:৩৭

বিএনপি থেকে বহিষ্কৃতদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর সভা

নেতাকর্মীদের তীব্র ক্ষোভ

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
বিএনপি থেকে বহিষ্কৃতদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভাকে কেন্দ্র করে ফুঁসে উঠেছেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের নেতাকর্মীরা। বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ধানের শীষের বিরুদ্ধে অবস্থান নেওয়া বহিষ্কৃত নেতাদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হওয়ায় স্থানীয় বিএনপিতে তীব্র ক্ষোভ ও সমালোচনার ঝড় বইছে।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে ফরিদগঞ্জ উপজেলা সদরের 'আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন'-এ অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন পাটওয়ারী। সভায় বিএনপি থেকে বহিষ্কৃত উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন এবং সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী কয়েকজন নেতা উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন।

এ ঘটনার প্রতিবাদে পরদিন শনিবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সেখানে ধানের শীষের পক্ষের নেতাকর্মীরা গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে একে 'দলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র' বলে আখ্যা দেন।

নেতাকর্মীরা জানান, সভার প্রধান উদ্যোক্তা ও উপস্থিত বহিষ্কৃত নেতাদের নিজ নিজ কেন্দ্রে বিগত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হতে পারেননি। এখন প্রতিষ্ঠাবার্ষিকী পালনের অজুহাতে বহিষ্কৃতদের পুনর্বাসিত করে নতুন খেলা শুরু করা হয়েছে। স্থানীয় বিএনপি এ বিষয়ে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নিতে বিএনপির কেন্দ্রীয় কমিটির জরুরি দৃষ্টি আকর্ষণ করেছে।

ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু বলেন, "আওয়ামী দুঃশাসনের বিগত ১৭ বছর নিপীড়িত-নির্যাতিত দলীয় নেতাকর্মীরা গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে চাঁদপুর-৪ আসনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ ছিলেন। কিন্তু তারা ধানের শীষের বিপক্ষে কাজ করে প্রকাশ্যে দলের শৃঙ্খলা ভঙ্গ করেছেন, যার ফলে কেন্দ্র থেকে তাদের বহিষ্কার করা হয়। অথচ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির একজন দায়িত্বশীল সদস্য কীভাবে সেসব চিহ্নিত বহিষ্কৃতদের নিয়ে সভা করেন, তা আমাদের বোধগম্য নয়।"

উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী বলেন, "আমরা ঐক্যবদ্ধ বিএনপি চাই। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে এবং ফরিদগঞ্জের সাবেক সংসদ সদস্য লায়ন হারুনুর রশিদের নেতৃত্বে তৃণমূল বিএনপি সম্পূর্ণ ঐক্যবদ্ধ। তবে যারা এখনও বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র ও ছিনিমিনি খেলতে চায়, তাদের বিষয়ে নেতাকর্মীরা সতর্ক রয়েছেন।"

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়