প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ১০:১৯
পল্লী বিদ্যুৎ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
চাঁদপুর সদর উপজেলার মহামায়া পল্লী বিদ্যুৎ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় তামিম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) দুপুরে মহামায়া পল্লী বিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
|আরো খবর
জানা যায়, একটি বাইক গ্রুপের মিটআপের আয়োজন করা হয়। পরে গ্রুপের সদস্যরা মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। একপর্যায়ে তারা মহামায়া পল্লী বিদ্যুৎ এলাকার কাছে আসলে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পানিতে পড়ে যায়। এ সময় মোটরসাইকেলের পেছনে থাকা তামিম ছিটকে পড়ে একটি গাছের সঙ্গে মাথায় গুরুতর আঘাত পেয়ে প্রচুর রক্তক্ষরণের শিকার হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা দ্রুত ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। নিহতের পরিবার তাকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানা গেছে।
নিহত তামিম হাইমচর উপজেলার আলগী গ্রামের দুলাল বেগের ছেলে।








