শনিবার, ২২ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ১৯:৩৩

মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতিদের সাথে মতবিনিময় সভা

স্কুলে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার বন্ধ করে দিতে হবে

------শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

চৌধুরী ইয়াসিন ইকরাম।।
স্কুলে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার বন্ধ করে দিতে হবে
ক্যাাপশান --- চাঁদপুর শহর ও সদর উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতিদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি। ছবি : ইয়াসিন ইকরাম।

শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার গুণগত পরিবর্তন নিশ্চিত করতে চাঁদপুর শহর ও সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট ২০২৬) বিকেলে চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ মুনিরা ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, স্কুলে ছাত্র-ছাত্রীদের মোবাইল ফোন ব্যবহার বন্ধ করে দিতে হবে। শিক্ষকরা যদি রাজি থাকেন তাহলে দু মাস পর পর আমরা বিদ্যালয় ও শিক্ষকদের বিভিন্ন বিষয় নিয়ে বসবো। যেখানে সমস্যা হবে সেখানেই সমাধান করা হবে। বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা বিদ্যালয়ে নিয়মিত সময় দিবেন।

তিনি বলেন, বিদ্যালয়গুলোতে এতো সুন্দর সুন্দর ভবন রয়েছে, কিন্তু শিক্ষার ফলাফল ভালো না—এটি মেনে নেয়া যায় না। আমাদের উদ্দেশ্যটা হলো পরিষ্কার। শিক্ষার পরিবেশটা সুন্দর হলে মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং ও চাঁদাবাজ এলাকা থেকে দূরে সরে যাবে। পূর্বে স্কুল-মাদ্রাসার ম্যানেজিং কমিটিগুলো যদুমধু দিয়ে তৈরি করে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিলো।

তিনি আরো বলেন, এসএসসি পরীক্ষায় যারা ফলাফল খারাপ করেছে, তাদের বাড়িতে বাড়িতে শিক্ষকরা যাবেন এবং তাদের সাথে কথা বলবেন, বুঝাবেন। আমি বিশ্বাস করি এভাবে তদারকি করলে সে আগামীদিনে পরীক্ষায় ভালো ফলাফল করবে। যে সকল প্রতিষ্ঠান ও শিক্ষার্থীরা ভালো ফলাফল করবে তাদেরকে পুরস্কৃত করা হবে। এ বিষয়ে সরকারের সাথে আমরা আলোচনা করবো। এ ক্ষেত্রে আমার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে। যে কোনো মূল্যে পড়ালেখার মান ও ফলাফল ভালো করতে হবে। তিনি বলেন, শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল করানোর পাশাপাশি তাদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটি ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ওপর। তাই নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করে শিক্ষার পরিবেশ আরও উন্নত করার আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন, আমরা দু মাস পর পর বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের সমস্যা নিয়ে বসবো। কোন্ কোন্ প্রতিষ্ঠানে কী কী সমস্যা আছে তখন সেখানেই তার সমাধান করার চেষ্টা করা হবে।

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সোহেল রুশদীসহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মনিরা বেগম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মনির চৌধুরীসহ চাঁদপুর শহর ও সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতিরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়